খুলনা, মৌলভীবাজার ও রাজবাড়ী জেলায় প্রতিটি ১০০ মেগাওয়াট সক্ষমতার তিনটি সৌরবিদ্যুৎ কেন্দ্র স্থাপনের অনুমোদন দিয়েছে সরকার। ২০ বছর মেয়াদে নো ইলেকট্রিসিটি, নো পেমেন্ট ভিত্তিতে এ তিন কেন্দ্র থেকে বিদ্যুৎ কিনতে সরকারের মোট ১০ হাজার ৬১২ কোটি ৮০ লাখ টাকা ব্যয় হবে। অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় গতকাল এ সিদ্ধান্ত নেয়া হয়। এছাড়া সভায় তেল, ডাল, চিনি, গম ও কর্ণফুলী টানেলের ব্যয় বৃদ্ধি-সংক্রান্ত বেশকিছু প্রস্তাব অনুমোদন করা হয়েছে।
সভা শেষে মন্ত্রিপরিষদ বিভাগের সমন্বয় ও সংস্কার অনুবিভাগের সচিব মো. মাহমুদুল হোসাইন খান সাংবাদিকদের ব্রিফ করেন। তিনি জানান, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) কর্তৃক খুলনার রূপসা উপজেলায় ১০০ মেগাওয়াট (এসি) সক্ষমতার সৌরবিদ্যুৎ কেন্দ্র স্থাপনের অনুমোদন দেয়া হয়েছে। একইভাবে মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলায় ১০০ মেগাওয়াট ও রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলায় ১০০ মেগাওয়াট (এসি) সক্ষমতার সৌরবিদ্যুৎ কেন্দ্র স্থাপনের অনুমোদন দেয়া হয়েছে। কেন্দ্র তিনটি থেকে ২০ বছর মেয়াদে নো ইলেকট্রিসিটি, নো পেমেন্ট ভিত্তিতে প্রতি কিলোওয়াট ঘণ্টা ১০ টাকা ৯২ পয়সা হিসেবে বিদ্যুৎ কেনা হবে। এতে প্রতিটি কেন্দ্রকে আনুমানিক ৩ হাজার ৫৩৭ কোটি ৬০ লাখ টাকা পরিশোধ করতে হবে।
সভায় স্থানীয় ও আন্তর্জাতিক বাজার থেকে ৫০৬ কোটি ৯৩ লাখ ৭৫ হাজার টাকার তেল, ডাল, চিনি ও গম কেনার প্রস্তাব অনুমোদন করা হয়। এর মধ্যে সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) প্রতিষ্ঠানের কাছ থেকে ৫০ হাজার টন গম ১ কোটি ৩৯ লাখ ৯৭ হাজার ৫০০ ডলারে আমদানির অনুমোদন দেয়া হয়েছে। বাংলাদেশী মুদ্রায় এর পরিমাণ দাঁড়ায় ১৫৩ কোটি ৯৭ লাখ ২৫ হাজার টাকা। প্রতি টন গমের মূল্য ধরা হয়েছে ২৭৯ দশমিক ৯৫ ডলার। এক্ষেত্রে প্রতি কেজি গমের দাম পড়বে ৩০ টাকা ৭৯ পয়সা।
২০২৩-২৪ অর্থবছরে স্থানীয়ভাবে উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে ছয় হাজার টন মসুর ডাল ৬২ কোটি ৯৪ লাখ টাকায় কেনার প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে। এক্ষেত্রে প্রতি কেজি মসুর ডালের দাম পড়বে ১০৪ টাকা ৯০ পয়সা। বাণিজ্য মন্ত্রণালয়ের আরেক প্রস্তাবের পরিপ্রেক্ষিতে ১০ হাজার টন মসুর ডাল ১০৪ কোটি ৪৪ লাখ টাকায় কেনার অনুমোদন দেয়া হয়েছে। এক্ষেত্রে প্রতি কেজি ডালের দাম পড়বে ১০৪ টাকা ৪৪ পয়সা। টিসিবির ফ্যামিলি কার্ডধারী এক কোটি পরিবারের কাছে ভর্তুকি মূল্যে বিক্রির লক্ষ্যে এসব মসুর ডাল কেনা হবে। একইভাবে টিসিবির জন্য স্থানীয়ভাবে সরাসরি ক্রয় পদ্ধতিতে আট হাজার টন চিনি ১০৭ কোটি ৬০ লাখ টাকায় কেনার অনুমোদন দেয়া হয়েছে। এস আলম রিফাইন্ড সুগার ইন্ডাস্ট্রিজের কাছ থেকে প্রতি কেজি ১৩৪ টাকা ৫০ পয়সা দরে এ চিনি কেনা হবে। বাণিজ্য মন্ত্রণালয়ের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে ২০২৩-২৪ অর্থবছরে স্থানীয়ভাবে উন্মুক্ত পুনঃদরপত্র পদ্ধতিতে ৫০ লাখ লিটার সয়াবিন তেল ৭৭ কোটি ৯৮ লাখ ৫০ হাজার টাকায় কেনার অনুমোদন দেয়া হয়েছে।
সভায় কর্ণফুলী নদীর তলদেশে বহু লেন সড়ক টানেল নির্মাণ প্রকল্পের পরামর্শক প্রতিষ্ঠানের চুক্তির মেয়াদ ও মূল্য বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। চুক্তির মেয়াদ ছয় মাস এবং ব্যয় ১ কোটি ৪ লাখ ৪১ হাজার ৫৩৬ টাকা বাড়ানোর অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। w
মাতারবাড়ী পোর্ট ডেভেলপমেন্ট প্রকল্পের (চবক অংশ) আওতায় পরামর্শক প্রতিষ্ঠানের অতিরিক্ত কাজের ভেরিয়েশন বাবদ ২৪ কোটি ৫ লাখ ৩২ হাজার ৪৬৩ টাকা অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা কমিটি। ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার অ্যান্ড ওয়াটার ম্যানেজমেন্ট (সিএসএডব্লিউএম) প্রজেক্টের পরামর্শক প্রতিষ্ঠান হিসেবে যৌথভাবে ডিভনকন, ডিএসইচভি, একিউইউএ, ইপিসি ও আইডব্লিউএমকে নিয়োগের অনুমোদন দেয়া হয়েছে। এক্ষেত্রে পরামর্শক ব্যয় ধরা হয়েছে ৩৩ কোটি ৭৫ লাখ ৭৫ হাজার ৭৫০ টাকা। এছাড়া জাতীয় উন্নয়ন প্রশাসন একাডেমি প্রতিষ্ঠা (দ্বিতীয় সংশোধিত) প্রকল্পের পূর্ত কাজের দ্বিতীয় ভ্যারিয়েশন প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে। এ প্রকল্পে নতুন করে ব্যয় বাড়ানো হয়েছে ২৮ কোটি ৮ লাখ ৫ হাজার ২৮৪ টাকা।