ঋণের টাকা সুদসহ ফেরত দিলেও শোধ হয় না বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী আব্দুর রহমান। তিনি বলেন, ‘মানুষকে ঋণের নামে টাকা-পয়সা দিয়ে ১৪ গুণ সুদসহ ফেরত নিচ্ছে যারা, তার পরও ঋণ শোধ হয় না। এ রকম করে বহু মানুষ সর্বস্ব হারাচ্ছে। তারাই আবার নোবেল পুরস্কার পাচ্ছে।’
গতকাল বিকালে ফরিদপুরের মধুখালীর কামালদিয়ায় খামারিদের মাঝে মিল্কিং মেশিন বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ দেশের মাটি, ঘাস, প্রকৃতির ঘ্রাণ নিয়ে, কোন মানুষ কষ্টে আছে, বিষণ্নতায় আছে এবং কাকে কাজের জোগান করে দেয়া যায় সেটি খুঁজে বের করেন। মানুষের আর্থসামাজিক অবস্থার উন্নয়নে ব্যাপক কার্যক্রম বাস্তবায়ন করা হবে। মৎস্য ও প্রাণিসম্পদ খাতে বিভিন্ন প্রকল্প গ্রহণ করে সারা দেশে উন্নয়নে ভরপুর করে দেয়া হবে।’