বার্ষিক অর্থনীতিবিদ সম্মেলনে ওয়াহিদউদ্দিন মাহমুদ

রাতের আলো দেখে উন্নতি হচ্ছে মনে করলে ভুল হবে

ঢাকার রাতের আকাশের আলো দেখে যদি কেউ মনে করেন, এ শহর অনেক বেশি উন্নত হচ্ছে-তাহলে ভুল ধারণা করবেন বলে মনে করেন অর্থনীতিবিদ অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদ। সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিং (সানেম) আয়োজিত ‘সপ্তম সানেম বার্ষিক অর্থনীতিবিদ সম্মেলন ২০২৪’-এর প্রথম দিন গতকাল ‘ইকোনমিকস ফ্রম দ্য স্কাই: হাউ রিমোট সেন্সিং ডাটা ক্যান হেলপ

ঢাকার রাতের আকাশের আলো দেখে যদি কেউ মনে করেন, এ শহর অনেক বেশি উন্নত হচ্ছে-তাহলে ভুল ধারণা করবেন বলে মনে করেন অর্থনীতিবিদ অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদ। সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিং (সানেম) আয়োজিত ‘সপ্তম সানেম বার্ষিক অর্থনীতিবিদ সম্মেলন ২০২৪’-এর প্রথম দিন গতকাল ‘ইকোনমিকস ফ্রম দ্য স্কাই: হাউ রিমোট সেন্সিং ডাটা ক্যান হেলপ ডেমোক্রাইজ ডেভেলপমেন্ট রিসার্চ’ শীর্ষক ওয়েবিনারে তিনি এসব কথা বলেন।

অধিবেশনে বিশেষ অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘গত কয়েক বছর ধরে এ শহরে এক্সপ্রেসওয়ে ও মেট্রোরেলের কাজ চলছে। ফলে যানজটে পড়ে প্রধান সড়কগুলোতে বহুসংখ্যক গাড়ি রাতের আকাশকে ব্যাপকভাবে আলোকিত করেছে। এই আলো দেখে কি বলা যাবে, ঢাকা ক্রমোন্নতির দিকে এগিয়ে যাচ্ছে?’

তিনি আরো বলেন, ‘স্যাটেলাইট থেকে পাওয়া রাতের আকাশের আলো সবসময় প্রকৃত উন্নতির তথ্য-উপাত্ত দেয় না। প্রকৃত অর্থনৈতিক পরিবর্তন পরিস্থিতি বুঝতে স্যাটেলাইট তথ্য-উপাত্তের সঙ্গে মাঠভিত্তিক জরিপের তথ্য মিলিয়ে গবেষণা হলে তা থেকে ভালো চিত্র পাওয়া যেতে পারে। স্যাটেলাইট চিত্রে রাতে সুন্দরবন অঞ্চলের আশপাশে অনেক আলো জ্বলতে দেখা যাবে। কিন্তু এটা এমন একটা সংরক্ষিত বনাঞ্চল, যেখানে রাতে আলো দেখতে চাই না। কিন্তু সরকারের নানা উন্নয়ন কর্মকাণ্ডের কারণে এটা আলোকিত হচ্ছে। তাই রাতের আকাশের আলো দেখে উন্নতি মাপা ঠিক হবে না। যদিও এই আলো দেশের জিডিপি বৃদ্ধির বিষয়ে তথ্য দেয়।’

গ্লোবাল ডেভেলপমেন্ট নেটওয়ার্কের (জিডিএন) প্রেসিডেন্ট অধ্যাপক জ্যঁ লুই আরক্যঁ সম্মেলনের মূল বক্তব্য উপস্থাপন করেন। তিনি  বলেন, ‘রাতের আকাশের আলো (এনটিএল) দুর্গম এলাকায়, বিশেষ করে সংঘাতপ্রবণ দেশ ও পরিসংখ্যানগত অবকাঠামোর দিক দিয়ে দুর্বল দেশগুলোয় কাজ করার ক্ষেত্রে অত্যন্ত কার্যকর। ফিলিস্তিনের গাজা অঞ্চলের রাতের আলোর পর্যবেক্ষণ এক্ষেত্রে বড় উদাহরণ। সেখানে কী পরিমাণ হামলা হয়েছে, কতটুকু অঞ্চল ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সেখানে আবাসন, ভবন, গাছের অবস্থার মাধ্যমে পরিবেশ সম্পর্কেও ধারণা পাওয়া সম্ভব।’

তিন দিনব্যাপী সপ্তম সানেম বার্ষিক অর্থনীতিবিদ সম্মেলনের মূল বিষয়বস্তু ‘নিউ ফ্রন্টিয়ার ইন ডেভেলপমেন্ট অ্যান্ড ইমার্জিং ডায়নামিকস’। সম্মেলনের উদ্বোধনী অধিবেশন আজ সকাল সাড়ে ৯টায় অনুষ্ঠিত হবে। এ আয়োজনে সহযোগী হিসেবে আছে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) ও অস্ট্রেলিয়ান হাইকমিশন, বাংলাদেশ। 

সম্মেলনে থাকছে ১৬টি অধিবেশন, যেখানে প্রবৃদ্ধি ও উন্নয়ন, আঞ্চলিক সহযোগিতা, কর্মসংস্থান, টেকসই জলবায়ু সমাধান, দারিদ্র্য ও অসমতা, লিঙ্গসমতা, খাদ্যনিরাপত্তা সম্পর্কিত ৬৪টি গবেষণাপত্র উপস্থাপন হবে। 

আরও