স্প্যানিশ সুপার কাপে আজ মুখোমুখি দুই জায়ান্ট রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। সৌদি আরবের রিয়াদ শহরের কিং সৌদ ইউনিভার্সিটি স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হবে এ দ্বৈরথ। আজ জিতলে রেকর্ড চ্যাম্পিয়ন বার্সেলোনার শোকেসে যোগ হবে আরেকটি শিরোপা। নাকি রিয়াল মাদ্রিদ কমাবে ব্যবধান?
১০ জানুয়ারি প্রথম সেমিফাইনালে রিয়াল মাদ্রিদ ৫-৩ গোলে অ্যাটলেটিকো মাদ্রিদকে ও পরদিন দ্বিতীয় সেমিফাইনালে বার্সেলোনা ২-০ গোলে ওসাসুনাকে হারিয়ে ফাইনালে ওঠে। আজ শিরোপার মীমাংসা।
সুপার কাপে সর্বশেষ মুখোমুখিতে বার্সার কাছে হেরেছে রিয়াল। আজ সেই হারের প্রতিশোধ নিতে পারবে কি লস ব্লাঙ্কোসরা? এমন প্রশ্নের মুখে সংবাদ সম্মেলনে রিয়াল কোচ কার্লো আনচেলত্তির উত্তর, ‘না, প্রতিশোধের কোনো ভাবনা নেই। তবে আমরা সব শক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়ব। কারণ এ ক্লাব আর এ জার্সির এটাই চাহিদা। আমরা প্রতিশোধের জন্য খেলি না। তবে ক্ষুধা সবসময় আগের মতোই থাকে, সব ম্যাচে।’
গত মৌসুম থেকে মুখোমুখি লড়াইয়ে দুই দলই সমানে-সমান। গত মৌসুমে মোট পাঁচবার দেখা হয়েছিল দুই জায়ান্টের। যার তিনটিতে বার্সেলোনা ও দুটিতে রিয়াল জিতেছে। চলতি মৌসুমেও লা লিগায় প্রথম দেখায় অনেকটা সময় পর্যন্ত আধিপত্য করে জাভির দল, কিন্তু পরে ঘুরে দাঁড়িয়ে জয় নিশ্চিত করে রিয়াল। গত ২৮ অক্টোবর বার্সার মাঠে ২-১ গোলের জয় তুলে নেয় আনচেলত্তির দল।
স্প্যানিশ কাপে বার্সেলোনা সর্বোচ্চ ১৪ বার ও রিয়াল মাদ্রিদ ১২ বার শিরোপা জিতেছে।
চিরাচরিতভাবে এটি ছিল লা লিগা ও কোপা ডেল রে কাপের চ্যাম্পিয়ন দলের লড়াই। যদিও ২০১৯-২০ মৌসুম থেকে দল বাড়িয়ে চারটি করা হয়েছে। এখন লা লিগা ও কোপা ডেল রের দুই চ্যাম্পিয়ন ও দুই রানার্সআপ দল মোকাবেলা করে সুপার কাপে।