দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুরের
চারটি আসনে সমান সংখ্যক আসন পেয়েছেন আওয়ামী লীগ মনোনীত ও স্বতন্ত্র প্রার্থীরা। নানা
কারণে নির্বাচনী তফসিল ঘোষণার পর থেকে এ জেলার একাধিক আসন ছিল আলোচিত। ফলাফলেও তার
প্রতিফলন দেখা গেছে।
গতকাল রোববার (৭ জানুয়ারি) ফরিদপুর
জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মো. কামরুল আহসান তালুকদারের ঘোষিত ফলাফল থেকে বিস্তারিত
তথ্য জানা যায়।
ফরিদপুর-১ (মধুখালী-বোয়ালমারী-আলফাডাঙ্গা)
আসন থেকে জয়ী হয়েছেন নৌকা প্রতীকের প্রার্থী আব্দুর রহমান। তিনি পেয়েছেন এক লাখ ২৩
হাজার ৩৩১ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আরিফুর রহমান
দোলন পেয়েছেন ৮৪ হাজার ৯৮৯ ভোট।
ফরিদপুর-২ (সালথা-নগরকান্দা) আসনে ৮৭
হাজার ১৯৪ ভোট পেয়ে জয়ী হয়েছেন নৌকা প্রতীকের শাহদাব আকবর লাবু চৌধুরী। নিকটতম প্রতিদ্বন্দ্বী
ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী জামাল হোসেন মিয়া পেয়েছেন ৮৫ হাজার ২৩২ ভোট।
ফরিদপুর-৩ (সদর) আসন থেকে জয়ী হয়েছেন
ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী এ কে আজাদ। তিনি পেয়েছেন এক লাখ ৩৪ হাজার ৯৮ ভোট।
নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকা প্রতীকের শামীম হক পেয়েছেন ৭৫ হাজার ৮৯ ভোট।
অন্যদিকে ফরিদপুর-৪ (ভাঙ্গা-সদরপুর-আলফাডাঙ্গা)
আসন থেকে জয়ী হয়েছেন ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মজিবুর রহমান চৌধুরী নিক্সন।
তিনি পেয়েছেন এক লাখ ৪৮ হাজার ৩৫ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকা প্রতীকের কাজী জাফর
উল্ল্যাহ পেয়েছেন এক লাখ ২৪ হাজার ৬৬ ভোট।
সার্বিক পরিস্থিতি সম্পর্কে ফরিদপুরের
রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদার জানান, ফরিদপুরের চারটি
আসনে ভোট কেন্দ্রের সংখ্যা ছিল ৬৫৪টি। পুরো নির্বাচনী এলাকায় পাঁচ স্তরের নিরাপত্তা
ব্যবস্থা নেয়া হয়। তাই বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই নির্বাচন অবাধ ও সুষ্ঠু
হয়েছে।