সেমিকন্ডাক্টর ও মাইক্রোকন্ট্রোলার ইউনিটের (এমসিইউ) উৎপাদন বাড়াতে উদ্যোগ নিয়েছে যুক্তরাষ্ট্রের বাণিজ্য মন্ত্রণালয়। এর অংশ হিসেবে দেশটির চিপ উৎপাদনকারী কোম্পানি মাইক্রোচিপ টেকনোলজিকে ১৬ কোটি ২০ লাখ ডলার অনুদান দেয়া হবে। খবর রয়টার্স।
মার্কিন চিপ নির্মাতা মাইক্রোচিপ টেকনোলজিকে ১৬ কোটি ২০ লাখ ডলার অনুদানের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্রের বাণিজ্য মন্ত্রণালয়।
যুক্তরাষ্ট্রের বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, এ তহবিলের মাধ্যমে মাইক্রোচিপ যুক্তরাষ্ট্রের দুটি কারখানায় ম্যাচিউর-নোড সেমিকন্ডাক্টর চিপ ও মাইক্রোকন্ট্রোলার ইউনিটের উৎপাদন তিন গুণ করতে পারবে। উৎপাদিত উপাদানগুলো গাড়ি, ওয়াশিং মেশিন, সেলফোন, ইন্টারনেট রাউটার, উড়োজাহাজ ও প্রতিরক্ষা শিল্পের জন্য অত্যাবশ্যক।
বাণিজ্যমন্ত্রী গিনা রাইমন্ডো এক বিবৃতিতে জানান, সেমিকন্ডাক্টরের সরবরাহ শৃঙ্খলকে জোরদার করতে যুক্তরাষ্ট্রের প্রচেষ্টার অংশ হিসেবে এ অনুদান দেয়া হচ্ছে। মূলত এ পদক্ষেপটি চীনের মতো বিদেশী উৎস থেকে চিপ উৎপাদন স্থানান্তর করতে চায়।
সেমিকন্ডাক্টর উৎপাদন ও গবেষণায় ভর্তুকি দিতে ২০২২ সালের আগস্টে কংগ্রেস অনুমোদিত ৫ হাজার ২৭০ কোটি ডলারের ‘চিপস ফর আমেরিকা’ প্রোগ্রামের মধ্যে এটি দ্বিতীয় পুরস্কার। প্রথম ৩ কোটি ৫ লাখ ডলার পুরস্কার তহবিলটি ডিসেম্বরে যুদ্ধবিমানের জন্য চিপ উৎপাদনকারী বিএই সিস্টেমকে দেয়া হয়েছে।
বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা আরো জানান, মাইক্রোচিপ অ্যাওয়ার্ড বা পুরস্কার তহবিলটি যুক্তরাষ্ট্রের বিদেশী উৎপাদনের ওপর নির্ভরতা কমিয়ে আনবে। চিপগুলো যুক্তরাষ্ট্রের অটো, বাণিজ্যিক, শিল্প, প্রতিরক্ষা ও মহাকাশ শিল্পে ব্যবহৃত হবে বলেও জানানো হয়।
হোয়াইট হাউজের ন্যাশনাল ইকোনমিক কাউন্সিলের পরিচালক লায়েল ব্রেনার্ড জানান, এ উদ্যোগের ফলে বৈশ্বিক সরবরাহ শৃঙ্খলের ওপর যুক্তরাষ্ট্রের নির্ভরতা কমবে। ২০২৩ সালের শুরুর দিকে মাইক্রোচিপ টেকনোলজি তাদের অরেগন রাজ্যের কারখানায় সেমিকন্ডাক্টর উৎপাদন তিন গুণ করতে ৮০ কোটি ডলার বিনিয়োগের পরিকল্পনা ঘোষণার পর এ পুরস্কার তহবিলের ঘোষণা দেয়া হলো।