দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন

ভোটারদের চাপ দেয়া হচ্ছে কিনা জানতে চেয়েছেন বিদেশী কূটনীতিকরা

আসন্ন নির্বাচনে ভোটারদের কেন্দ্রে আনতে চাপ দেয়া কিংবা সহিংসতার আশঙ্কাসহ বিভিন্ন বিষয়ে জানতে চেয়েছেন বিদেশী কূটনীতিকরা। রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে গতকাল নির্বাচন কমিশনের ডাকা ব্রিফিংয়ে অংশ নিয়ে এ বিষয়ে জানতে চান তারা। বাংলাদেশে অবস্থানরত বিদেশী মিশন ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা এতে উপস্থিত ছিলেন।

আসন্ন নির্বাচনে ভোটারদের কেন্দ্রে আনতে চাপ দেয়া কিংবা সহিংসতার আশঙ্কাসহ বিভিন্ন বিষয়ে জানতে চেয়েছেন বিদেশী কূটনীতিকরা। রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে গতকাল নির্বাচন কমিশনের ডাকা ব্রিফিংয়ে অংশ নিয়ে এ বিষয়ে জানতে চান তারা। বাংলাদেশে অবস্থানরত বিদেশী মিশন ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা এতে উপস্থিত ছিলেন। 

ব্রিফিংয়ের শুরুতে ভোটের প্রস্তুতি তুলে ধরেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। এরপর কূটনীতিকদের প্রশ্ন করার সুযোগ দেয়া হয়। পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের বক্তব্যে ব্রিফিং শেষ হয়। পরে সাংবাদিকদের প্রশ্নে ব্রিফিংয়ের বিভিন্ন বিষয় তুলে ধরেন সিইসি ও পররাষ্ট্র সচিব।

তারা জানান, নির্বাচনে ভোটারদের চাপ প্রয়োগ, সহিংসতার আশঙ্কা, নির্বাচনের ক্ষেত্রে অভিযোগ এবং ভোটের ফলাফলের বিষয়ে জানতে চেয়েছেন কূটনীতিকরা।

কাজী হাবিবুল আউয়াল বলেন, ‘কূটনীতিকরা জানতে চেয়েছিলেন ভোটারদের ভোট দেয়ার জন্য চাপ দেয়া হচ্ছে কিনা। আমরা স্পষ্ট করে দিয়েছি যে এ ধরনের কোনো চাপ নেই। বরং আমরা ভোটদান প্রক্রিয়ায় অংশগ্রহণের জন্য জনগণকে উৎসাহিত করছি।’

সহিংসতার আশঙ্কা নিয়ে জানতে চাওয়ার এক প্রশ্নে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন বলেন, ‘এটা একটা পরিবর্তনশীল পরিস্থিতি। সব ধরনের প্রস্তুতি আছে, কিন্তু সহিংসতার বিষয়টা তো আমরা আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাচ্ছি। 

কিছু জায়গায় হয়েছে, সেগুলো নির্বাচন কমিশন তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নিয়েছে এবং তারপর এখন আর খবর পাচ্ছি না। সুতরাং তারাও খবরের কাগজে এগুলো পড়ছে। পড়ে তাদের মনে এসব প্রশ্ন থাকতেই পারে এবং সেটার সমাধান বা সেটার একটা উত্তরও ওনারা দিয়েছেন।’

অসাধু লোকজন অনৈতিক পন্থা অবলম্বনের চেষ্টা করতে পারে উল্লেখ করে কূটনীতিকদের সিইসি বলেন, ‘আমরা এ-জাতীয় যেকোনো প্রচেষ্টাকে নস্যাৎ করে দিতে বদ্ধপরিকর। সম্ভাব্য কারচুপি, অসদাচরণ এবং যতটা সম্ভব ভোট কেন্দ্রের ভেতরে পেশিশক্তি প্রদর্শন রোধ করার জন্য সমস্ত ব্যবস্থা নেয়া হয়েছে।’

তিনি বলেন, ‘ফলাফল প্রকাশের বিষয়ে তারা জানতে চেয়েছেন। আমরা তাদের অবহিত করেছি, আমরা একটা অ্যাপস তৈরি করেছি। সেখানে ভোট গ্রহণের বিষয়ে ২ ঘণ্টা পরপর আপডেট দেয়া হবে। এটা সবাই জানতে পারবেন। স্বচ্ছতা ক্রেডিবিলিটির স্থানটি আরো বেশি গ্রহণযোগ্য করার জন্য এ অ্যাপস করা হয়েছে।’ 

আরও