বছরটা যেন টেইলর সুইফটের। একের পর এক অর্জন করে চলেছেন তিনি। সর্বশেষ তিনি হলেন টাইম ম্যাগাজিনের বর্ষসেরা ব্যক্তিত্ব। টাইম প্রতি বছরই একজন ব্যক্তিকে বর্ষসেরা হিসেবে ঘোষণা করে। এ বছর সে সম্মানে ভূষিত হলেন টেইলর। এরাস ট্যুর, কনসার্ট, বিলবোর্ড টপচার্ট থেকে শুরু করে বছরের শেষে কনসার্ট সিনেমা দিয়েও সফলতা পেয়েছেন টেইলর। সব মিলিয়ে এ বছর টাইম ম্যাগাজিনের পারসন অব দ্য ইয়ার যেন আর কেউ হতেই পারতেন না।
টেইলর সুইফট পপ-তারকা। গানে তার ক্যারিয়ার দীর্ঘ, প্রায় ১৫ বছরের। এ সময়ের মধ্যে শ্রোতাপ্রিয় বহু গান ও অ্যালবাম উপহার দিয়েছেন তিনি। টেইলর সেরা ছিলেন গত দশকে। ২০১৩-১৪ সালে তার একাধিক অ্যালবাম ও গান ছিল শ্রেতাদের পছন্দের তালিকায়। টেইলর মূলত তরুণদের কাছে বেশি জনপ্রিয়। গত দশকের শেষের দিকে কে-পপ ও অন্যান্য নতুন শ্রোতের কারণে খানিকটা পিছিয়ে পড়েছিলেন সুইফট, কিন্তু এ বছর ফিরেছেন নতুন করে।
টেইলর তার এরাস ট্যুর দিয়ে নিজের জনপ্রিয়তা ফিরে পেয়েছেন। কেবল তা-ই নয়, নভেল করোনাভাইরাসের কারণে থমকে থাকা কনসার্ট দুনিয়াকে যেন সচল করেছিলেন তিনি। এরাস ট্যুর আসতে না আসতেই প্রভূত সাড়া ফেলে তা। অগ্রিম টিকিট বিক্রি করতে গিয়ে ক্রেতাদের চাপ সামলাতে না পেরে সাইট বন্ধ হয়ে গিয়েছিল। ট্যুরের প্রতিটা কনসার্ট সফল হয়েছে এরপর। টেইলরের কনসার্ট যেন নতুন করে মনে করিয়ে দিয়েছে অনলাইন দুনিয়ার বাইরেও বিনোদনের পুরনো জনপ্রিয় ধারাটি এখনো মৃত নয়।
টাইম ম্যাগাজিন তাদের পারসন অব দ্য ইয়ার ঘোষণা শুরু করেছিল ১৯২৭ সালে। এরপর প্রতি বছরই তা করে। এক্ষেত্রে প্রাধান্য পান রাজনীতি বা অর্থনীতির সঙ্গে যুক্ত ব্যক্তিরা। সেদিক থেকে চিন্তা করলে পপ তারকা টেইলর অনেক হিসাবনিকাশ বদলে দিয়েছেন। তবে টেইলর যে অর্থনীতিতে গুরুত্বপূর্ণ তা তিনি প্রমাণ করেছেন। যেমন তার এরাস ট্যুর কনসার্ট একটি লাভজনক বিষয় ছিল বিনোদন জগতে। প্রায় ৯০ কোটি ডলার আয় হয়েছে ট্যুর থেকে।
এছাড়া তার ট্যুর থেকে নির্মিত সিনেমাটিও বক্স অফিসে ভালো করেছে। রীতিমতো অন্যান্য সিনেমাকে সরিয়ে নিজের ব্যবসা ধরে রেখেছে। এছাড়া টেইলরের নামে কোর্স চালু করেছিল কয়েকটি বিশ্ববিদ্যালয়। সেখানে টেইলরের জীবন ও গান নিয়ে পড়ানো হয়। এমনকি টেইলরের সম্মানে একটি শহরেরও নামকরণ করা হয়েছে এ বছর। টেইলর তরুণদের মধ্যে জনপ্রিয় এবং তাকে অনুসরণও করেন অনেকে। এ বছর অস্ট্রেলিয়ার কনসার্টে এক ভক্তের মৃত্যুতে কনসার্ট পিছিয়ে দিয়েছিলেন এ শিল্পী। সব মিলিয়ে তার ইমেজও এখন গুরুত্বের বিষয়।
টাইমের বর্ষসেরা ব্যক্তি হয়ে উচ্ছ্বসিত টেইলর। তিনি জানান, এ তার জীবনের অন্যতম সেরা প্রাপ্তি। সেই সঙ্গে আরো বলেছেন, তার এ যাত্রা চলমান থাকবে। বিশেষত এরই মধ্যে ২০২৪ সালের এরাস ট্যুরও পরিকল্পনা করে ফেলেছেন টেইলর। এ বছরের তুলনায়ও বড় হতে যাচ্ছে তা।
সূত্র: টাইম