সব মাধ্যমেই ব্যস্ত ইয়াশ রোহান

সময়ের ব্যস্ত অভিনেতা ইয়াশ রোহান। টেলিভিশন দিয়ে যাত্রা করলেও সিনেমায়ও নিয়মিত তিনি।

সময়ের ব্যস্ত অভিনেতা ইয়াশ রোহান। টেলিভিশন দিয়ে যাত্রা করলেও সিনেমায়ও নিয়মিত তিনি। ওটিটি প্লাটফর্মের এ সময়ে ওয়েব দুনিয়ায়ও একের পর এক কনটেন্টে অভিনয় করছেন তিনি। সম্প্রতি ওটিটি প্লাটফর্ম চরকিতে মুক্তি পেয়েছে ইয়াশ রোহান অভিনীত ‘হাতবদল’। হ্যালোইন উপলক্ষে চরকি নিয়ে আসে অ্যান্থোলজি সিরিজ ‘‌প্রচলিত’র পাঁচটি শর্টফিল্ম, যার মধ্যে ‘হাতবদল’-এ দেখা মেলে ইয়াশ রোহানের। ভিন্নধর্মী গল্পের এ সিরিজে প্রধান চরিত্রে অভিনয় করে প্রশংসা পান ইয়াশ। 

এ গল্পে ইয়াশের সঙ্গী ছিল একটি কুকুর। সিরিজটিতে অভিনয় প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, ‘আমার জন্য কাজটা খুবই ইন্টারেস্টিং ছিল। কারণ আমার কো-আর্টিস্ট ছিল কুকুর। এতে আমি খুব খুশি হয়ে যাই। কুকুর-বিড়াল আমার খুব পছন্দের। কাজের আগের দিন সেটে গিয়ে কুকুরের সঙ্গে সময় কাটিয়েছি। তার সঙ্গে এক ধরনের বন্ধুত্ব হয়ে যায়। খুবই নতুন ধরনের অভিজ্ঞতা আমার জন্য।’ 

সিরিজটি পরিচালনা করেছেন আবিদ মল্লিক। এতে ইয়াশ রোহানের চরিত্রের নাম রোহান। আর তার সঙ্গে থাকা কুকুরটির নাম রেবেল। মানুষ আর পশুর ভালোবাসাকে কেন্দ্র করেই এর গল্প। এ প্রসঙ্গে ইয়াশ রোহান বলেন, ‘আমার গল্প খুবই প্রচলিত। যেটা ছোট বেলায় মায়ের কাছে শুনেছি। তাই কাজ করাটা অন্য রকম আবেগের ছিল। এটা দর্শক খুব ভালোভাবে রিলেট করতে পেরেছে। কারণ এসব গল্প বেশ প্রচলিত। আর পশু প্রেমিকদের জন্য খুব বেশি প্রাসঙ্গিক। অনেকের কাছ থেকেই সাড়া পেয়েছি।’ ঢাকার বিভিন্ন লোকেশনে শুটিং হয়েছে হাতবদল গল্পের। সিরিজটিতে অভিনয় করতে গিয়ে ভালো সময় কেটেছে বলে জানান এ অভিনেতা। তিনি জানান, কুকুরটির সঙ্গে বেশ বন্ধুত্ব জমে গিয়েছিল। 

ছোট থেকেই বাবা-মায়ের অভিনয় দেখেই বড় হয়েছেন ইয়াশ। অভিনয়ের বিষয়ে বাবা-মায়ের সমর্থন প্রসঙ্গে জানতে চাইলে এ অভিনেতা জানান, প্রথম দিকে তার বাবা নরেশ ভুঁইয়া চাইতেন না ছেলে অভিনয় করুক। তবে মা শিল্পী সরকার অপু শুরুতেই সমর্থন দিয়েছেন। পরে সিনেমায় নাম লেখান এ অভিনেতা। এরপর বাবার দিক থেকে কখনই না শুনতে হয়নি বলে জানান তিনি। 

ইয়াশ রোহানের বড় পর্দায় অভিষেক হয় স্বপ্নজাল সিনেমার মধ্য দিয়ে ২০১৮ সালে। গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত এ সিনেমায় ইয়াশের বিপরীতে ছিলেন পরীমণি। ‘‌পরাণ’ সিনেমা দিয়েই দর্শক মহলে সাড়া ফেলেছিলেন এ অভিনেতা। এরপর ‘‌ইতি তোমার ঢাকা’। ২০২২ সালে পরাণ সিনেমায় অভিনয়ের জন্য নতুন করে আলোচনায় আসেন এ অভিনেতা। বিদ্যা সিনহা মিমের বিপরীতে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছিলেন তিনি। এক সাক্ষাৎকারে পরাণ প্রসঙ্গে ইয়াশ বলেন, ‘আমার ক্যারিয়ারের প্রথম ব্লকবাস্টার সিনেমা পরাণ। সিনেমাটি আমার জন্য বড় কিছু। আমার সারা জীবন মনে থাকবে এ সিনেমার কথা। এ সিনেমার অভিনেতা হিসেবে আমি খুশি।’

বড় পর্দার পাশাপাশি নাটক ও ওয়েব কনটেন্টে নিয়মিত অভিনয় করছেন ইয়াশ রোহান। সম্প্রতি মিজানুর রহমান আরিয়ান পরিচালিত ‘সে বসে একা’ নাটকে ইয়াশ রোহানের সঙ্গে অভিনয় করেছেন তানজিম সাইয়ারা তটিনী ও খায়রুল বাসার। নাটকটি নিয়ে দর্শকের কাছ থেকে ইতিবাচক সাড়া পাচ্ছেন বলে জানান ইয়াশ। অভিনয়ের পাশাপাশি পরিচালনার সঙ্গেও যুক্ত তিনি। বড় পর্দায় অভিষেকের আগে ২০১৫ সালে ইয়াশ ‘ডুব’ শিরোনামের একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র পরিচালনা ও এতে অভিনয় করেছিলেন। এছাড়া ২০১৬ সালে ‘লাল কাগজের টাকা’ শিরোনামের একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র পরিচালনা করেছিলেন ইয়াশ রোহান।

আরও