বিএনপি নির্বাচনে এলে সহায়তা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) মো. আলমগীর। রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে গতকাল সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।
ইসি আলমগীর বলেন, ‘বিএনপি যদি বলে আমরা নির্বাচন করব, আমাদের সহায়তা করেন। তাহলে অবশ্যই আমরা সহায়তা করব। তবে রাজনৈতিক দলগুলোকে নিয়ন্ত্রণ করার দায়িত্ব আমাদের না। যেসব দল নির্বাচনে অংশ নেবে, তাদের জন্য যত রকম চেষ্টা করার তা করা হবে। যারা নির্বাচনে আসবে না তাদের ব্যাপারে আমাদের কিছু করার নেই।’
তিনি বলেন, ‘কোনো রাজনৈতিক দল নির্বাচনে এসে সহায়তা চাইলে সে দলকে অবশ্যই সহায়তা দেয়া হবে। যারা নির্বাচনে অংশ নেবে তাদের সব ধরনের সহায়তা করা হবে।’
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে কোনো অভিযোগ এলে এবং তা প্রমাণিত হলে ব্যবস্থা নেয়া হবে। তবে অভিযোগ সুনির্দিষ্ট ও তথ্যবহুল হতে হবে।’
আরেক প্রশ্নের জবাবে ইসি আলমগীর বলেন, ‘চিরকাল সরকারি দল এবং বিরোধী দল পরস্পরের বিরুদ্ধে অভিযোগ করে। এটা ১৯৭০ সাল থেকে আমি দেখে আসছি।’
নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। আওয়ামী লীগসহ ১০টি দল জোটবদ্ধ হয়ে ভোটে অংশ নেবে বলে জানা গেছে। এরই মধ্যে দলীয় মনোনয়ন ফরম বিক্রিও শুরু হয়েছে।