দুর্নীতি, স্বজনপ্রীতি, স্বচ্ছতা, জবাবদিহিতার অভাব এবং প্রাতিষ্ঠানিক দক্ষতা-সমন্বয়ের অভাবকে উন্নয়নে মূল বাধা মনে করেন তরুণরা। তরুণদের ৬৯ শতাংশই মনে করেন দুর্নীতি ও স্বজনপ্রীতি উন্নয়নে প্রধান বাধা। ৪৬ দশমিক ৫ শতাংশ মনে করেন স্বচ্ছতা ও জবাবদিহিতার অভাব, ৩২ দশমিক ৬ শতাংশ মনে করেন প্রভাবশালী গোষ্ঠীর স্বার্থ রক্ষায় প্রাধান্য দেয়া এবং প্রাতিষ্ঠানিক দক্ষতা-সমন্বয়ের অভাবকে ২৮ দশমিক ১ শতাংশ তরুণ উন্নয়নে প্রধান বাধা মনে করেন। এসডিজি বাস্তবায়নে নাগরিক প্লাটফর্ম, বাংলাদেশ-এর এক জরিপে এসব তথ্য উঠে এসেছে। গতকাল রাজধানী ঢাকার কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে আয়োজিত যুব সম্মেলন ২০২৩-এ জরিপের ফলাফল প্রকাশ করা হয়।
চলতি বছরের সেপ্টেম্বর থেকে অক্টোবর পর্যন্ত এক মাসে ৫ হাজার ৭৫ জন তরুণ (১৮-৩৫) অনলাইন জরিপে অংশ নেন। এছাড়া ২৮টি তরুণ নেতৃত্বের প্রতিষ্ঠান, ২০টি ফোকাস গ্রুপ ডিসকাশন ও গত ১০ বছরের লিটারেচার রিভিউর মাধ্যমে এ জরিপ পরিচালনা করা হয়।
এসডিজি বাস্তবায়নে নাগরিক প্লাটফর্ম, বাংলাদেশের আহ্বায়ক ও সিপিডির ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, ‘বাংলাদেশের এখন সবচেয়ে বড় সম্ভাবনাময় জনশক্তি যুবরা। প্রতি দশকে এ বয়সীদের সংখ্যা ও অনুপাত বাড়ছে। ২০০৮ সালের নির্বাচনের পর নতুন ভোটার হয়েছে সাড়ে তিন কোটি তরুণ। এ যুবসমাজের আশা-আকাঙ্ক্ষা-প্রত্যাশা আগামী দিনের বাংলাদেশ গড়ে তোলার ক্ষেত্রে যুক্ত করতে আমরা কতটুকু সফল, কতটুকু কার্যকর, কতটুকু ফলপ্রসূ এ জিজ্ঞাসাটা আমাদের বারবার আসছে। সামনের নির্বাচনে আমরা যুব সমাজের অংশগ্রহণকে আরো জোরদারভাবে দেখতে চাই। আশা করি, নির্বাচন নিয়ে যেসব সংশয়, বিভ্রান্তি বা উদ্বেগ আছে সেগুলো আগামী দিনে কেটে যাবে।’
বিএনপির সাংগঠনিক সম্পাদক ও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক কমিটির সদস্য শামা ওবায়েদ বলেন, ‘জরিপে উঠে এসেছে তরুণদের মতপ্রকাশের স্বাধীনতা নেই। চাকরির নিশ্চয়তা নেই। রাজনীতির বাইরে বিরাট জনগোষ্ঠী রয়ে গেছে। তারাও দেশের উন্নয়নে ভূমিকা রাখতে চায়। কিন্তু রাখতে পারছে না। গত ১০ বছরে ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠনের অভ্যন্তরীণ কোন্দলের কারণে অনেক শিক্ষাপ্রতিষ্ঠান অনেক বার বন্ধ হয়েছে। সাফার করেছে সাধারণ শিক্ষার্থীরা।’
তরুণদের উদ্দেশে আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক আহসানুল ইসলাম টিটু বলেন, ‘আমরা রক্ত দিয়ে দেশটা স্বাধীন করেছি। দেশটা আমাদের। এখানে সব স্বাধীনতা আমাদের। সেই সঙ্গে আমাদের এটাও মনে রাখতে হবে, আমাদের দায়িত্বশীল হতে হবে। অসহিষ্ণু সমাজ থেকে গণতান্ত্রিক রাষ্ট্রে আমাদের কন্টিনিউ করে কাজ করতে চাই। একটা গণতান্ত্রিক ধারাবাহিকতা চাই।’
অনিয়ম, দুর্নীতি ও দলীয়করণের কারণে তরুণরা রাজনীতিবিমুখ হয়ে পড়েছে বলে মনে করেন জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান আহসান আদেলুর রহমান।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ ও নাগরিক প্লাটফর্মের কোর গ্রুপ সদস্য মোস্তাফিজুর রহমান প্রমুখ। যুব সম্মেলনে জরিপের ফলাফল উপস্থাপনের পাশাপাশি সংসদীয় বিতর্ক আয়োজন করা হয়।