তরুণ নির্মাতা সাজ্জাদ খান পরিচালিত সিনেমা কাঠগোলাপ আছে মুক্তির অপেক্ষায়। এরই মধ্যে বিনা কর্তনে সেন্সরের ছাড়পত্র পেয়েছে সিনেমাটি। কাঠগোলাপের কাহিনী, সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন অপূর্ণ রুবেল। এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন কেয়া, সুজন হাবিব, মেঘলা মুক্তা, দিলরুবা দোয়েল, জামশেদ শামীম।
ভিন্নধারার গল্প তুলে ধরার জন্য দর্শকমহলে সমাদর রয়েছে সাজ্জাদের। এবার প্রথমবার বড় পর্দায় মুক্তি পেতে যাচ্ছে তার সিনেমা কাঠগোলাপ। সিনেমাটির মুক্তি নিয়ে জানতে চাইলে সাজ্জাদ খান বলেন, ‘আমরা সিনেমাটি এ বছরই মুক্তির পরিকল্পনা করছি। তবে এখনো মুক্তির তারিখ ঠিক হয়নি। উপযুক্ত সময়ে সিনেমাটি মুক্তি দিতে চাইছি আমরা, সেটা যত তাড়াতাড়ি সম্ভব।’
সিনেমার নাম কাঠগোলাপ কেন এমন প্রশ্নের জবাবে চিত্রনাট্যকার রুবেল বললেন, ‘কাঠগোলাপ সুবাস ছড়ায়। কিন্তু গোলাপের মতো এ ফুল সব জায়গায় পাওয়া যায় না। সিনেমায় যাদের গল্প বলছি, তারা আমাদের সমাজে সুবাস ছড়াচ্ছে, কিন্তু তাদের আমরা সচরাচর দেখি না।’
সিনেমাটির গল্প প্রসঙ্গে এ নির্মাতা বলেন, ‘এটা প্রেমের ছবি, কিন্তু অন্য রকম প্রেমের ছবি। এতে আমরা অনেকগুলো মানুষের জীবনের গল্প বলেছি। কাঠগোলাপ যেমন প্রচুর সুবাস দেয়, আমাদের এ মানুষগুলোও সবার অনেক কাজে লাগে। কিন্তু কোথায় জানি একধরনের স্থবিরতা কাজ করে। আর এ থেকেই তৈরি হয় সংকট। আমরা সম্পর্কের এমন অনেক স্তর দেখেছি, নানা সমস্যা দেখেছি। কিন্তু সম্পর্কের এমন সংকটের কথা কাঠগোলাপে বলেছি, যা আগে কেউ বলেনি।’
এর আগে এ নির্মাতা ‘সাহস’ নামে একটি ওয়েব ফিল্ম নির্মাণ করেছিলেন। গত বছরের ১৬ অক্টোবর ঢাকার বিভিন্ন লোকেশনে শুরু হয়েছিল কাঠগোলাপের শুটিং।
অভিনেত্রী মেঘলা মুক্তা সিনেমাটি নিয়ে বলেন, ‘পরিচালক সাজ্জাদের সাহস দেখেছিলাম। ভালো লেগেছিল। তিনি যখন কাঠগোলাপের স্ক্রিপ্ট আমাকে দিলেন, পড়ে দেখলাম এ কাজের সঙ্গে থাকা যায়। তাছাড়া আমি চাই, সমাজে ইতিবাচক বার্তা দেবে এমন কাজ করতে।’
ড্রিমল্যান্ড এন্টারটেইনমেন্টের ব্যানারে সিনেমাটি প্রযোজনা করেছেন মো. ফরমান আলী, সিনেমাটোগ্রাফিতে ছিলেন নাহিয়ান বেলাল। ভারতের দিল্লিতে অনুষ্ঠিত ১১তম জাগরান ফিল্ম ফেস্টিভ্যালে ওয়ার্ল্ড প্রিমিয়ার হয়েছে কাঠগোলাপ সিনেমাটির। প্রিমিয়ারেই দর্শকের প্রশংসা কুড়িয়েছিল এ সিনেমা। এর আগে এর পোস্টার উন্মোচন করা হয় কান চলচ্চিত্র উৎসবে। সম্প্রতি এবার মালয়েশিয়ার নেভি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে অংশ নিয়ে ‘বেস্ট ওইমেন’স ফিচার ফিল্ম শাখায় পুরস্কার পেয়েছে। এবার দেখার পালা সিনেমাটি দেশের প্রেক্ষাগৃহে মুক্তির পর হলে কেমন দর্শক টানে।