বান্দরবানে কলাগাছের তন্তু (আঁশ) দিয়ে শাড়িসহ অন্যান্য পণ্য তৈরির প্রশিক্ষণ দিচ্ছে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক)। গতকাল দুই মাসব্যাপী এ প্রশিক্ষণ শুরু হয়। এটি চলবে ১৮ নভেম্বর পর্যন্ত। এতে অংশগ্রহণ করবেন ৫০ জন প্রশিক্ষণার্থীসহ বিসিক বান্দরবান, রাঙ্গামাটি ও খাগড়াছড়ি জেলা কার্যালয়ের তাঁতিরা।
বান্দরবান জেলায় পর্যটন শিল্পের মতোই কলাগাছের তন্তুর ‘হস্তশিল্প’ একটি বিশাল সম্ভাবনাময় খাত হিসেবে পরিচিতি পেয়েছে। বর্তমানে কলাগাছের তন্তু দিয়ে শাড়ি, গয়না, স্যান্ডেল, গৃহসামগ্রীসহ বিভিন্ন পণ্য তৈরি ও বাজারজাত করা হচ্ছে। সম্ভাবনাময় এ খাতের উন্নয়ন ও দক্ষ জনবল তৈরি করে আত্মকর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে দারিদ্র্য দূরীকরণের লক্ষ্যে এ ধরনের প্রশিক্ষণের আয়োজন করেছে বিসিক।
প্রশিক্ষণে বান্দরবান জেলার কর্মকর্তাসহ বিসিক প্রধান কার্যালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া জুম অ্যাপের মাধ্যমে সংযুক্ত ছিলেন বিসিকের পরিচালক (শিল্প উন্নয়ন ও সম্প্রসারণ) মোহাম্মদ জাকির হোসেন, বিসিক উন্নয়ন বিভাগের প্রধান জেসমিন নাহার ও বিসিক আইসিটি সেল প্রধান প্রকৌশলী মো. দেলোয়ার হোসেন।