আলোকপাত

জটিল বিশ্ব অর্থনীতির সরল সমীকরণ

চলতি বছর বিশ্ব অর্থনীতি নানা চমকের মধ্য দিয়ে যাচ্ছে। জাপানের জিডিপি প্রবৃদ্ধি চীনের প্রবৃদ্ধিকে ছাড়িয়ে গেছে। গত জুলাইয়ে যুক্তরাষ্ট্রের খুচরা বিক্রি ছিল পূর্বাভাসের চেয়ে দ্বিগুণ। যদিও যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ নিয়মিত সুদহার বৃদ্ধি করে গেছে।

চলতি বছর বিশ্ব অর্থনীতি নানা চমকের মধ্য দিয়ে যাচ্ছে। জাপানের জিডিপি প্রবৃদ্ধি চীনের প্রবৃদ্ধিকে ছাড়িয়ে গেছে। গত জুলাইয়ে যুক্তরাষ্ট্রের খুচরা বিক্রি ছিল পূর্বাভাসের চেয়ে দ্বিগুণ। যদিও যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ নিয়মিত সুদহার বৃদ্ধি করে গেছে। 

যুক্তরাজ্যে মজুরি প্রবৃদ্ধি হয়েছে ৭ দশমিক ৮ শতাংশ ও প্রকৃত মূল্যস্ফীতিও দুই অঙ্কের কাছাকাছি। যদিও টানা ১৪ বার সুদহার বাড়িয়েছে ব্যাংক অব ইংল্যান্ড (আরো একবার বাড়ানো হতে পারে)। এদিকে ব্রাজিল ও চিলি উভয়ই সুদের হার কমিয়েছে, যদিও বাজারে প্রত্যাশা ছিল যে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ দীর্ঘ সময় সুদের হার উচ্চ রাখবে। 

বৈশ্বিক অর্থনীতি যে নানা অস্বাভাবিকতার মধ্য দিয়ে যাচ্ছে বর্ণিত প্রেক্ষাপটগুলো তারই ইঙ্গিত দিচ্ছে। কার্বন নিরপেক্ষ জ্বালানিতে রূপান্তর, কৃত্রিম বুদ্ধিমত্তা বিপ্লব এবং অন্যান্য উদ্ভাবনসৃষ্ট পরিবর্তনও এতে যুক্ত হচ্ছে। এর সঙ্গে ভূরাজনৈতিক উত্তেজনা এবং অর্থনৈতিক ও আর্থিক বিশ্বায়ন থেকে বের হয়ে আসাকে যোগ করলে সম্ভাব্য পরিস্থিতির পরিসর বিস্তারিতভাবে উন্মোচিত হবে। 

এ ধরনের দ্রুত পরিবর্তনশীল বিভিন্ন প্রেক্ষাপট ও কিছুটা অপ্রথাগত পরিস্থিতিতে (যা আবার বেনজীর) করণীয় নির্ধারণ বেশ কষ্টসাধ্য ব্যাপার। এমন একটা সময়েই আমি একটি সাধারণ বিশ্লেষণাত্মক কাঠামোতে ফিরে আসাকে বিশেষভাবে দরকারি বলে মনে করি, যা আমি অর্থনীতিবিদ হিসেবে আমার কর্মজীবনের প্রথম দিকে শিখেছি। সেটি হলো, একটি হ্রাসকৃত গঠন সমীকরণের চরম সংস্করণ, যা অর্থনীতিবিদরা কিছু ফলাফলের ভবিষ্যদ্বাণী করতে হাতেগোনা কিছু গুরুত্বপূর্ণ বিষয়ের ফোকাসে ব্যবহার করেন। এ বিষয়গুলো হয়তো কোনো ঘটনাকে সম্পূর্ণরূপে ব্যাখ্যা করতে পারে না, তবে কৌশলটি অসম্ভব বড় এবং অপ্রত্যাশিত কিছু বিষয়ের ওপর নির্ভর করার চেয়ে ভালো।

বর্তমান প্রেক্ষাপটে, আমার বিশ্লেষণাত্মক পদ্ধতি একটি সহজ প্রশ্ন উত্থাপন করে: আমি যদি ছয় মাস কোনো বিচ্ছিন্ন দ্বীপে আটকা পড়ি তাহলে বিশ্ব অর্থনীতির কোন প্রপঞ্চ আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হিসেবে আবির্ভূত হবে? বর্তমান পরিস্থিতি আমলে নিয়ে আমি শুরুতে জানতে চাইব, যুক্তরাষ্ট্র কীভাবে প্রবৃদ্ধি ও মূল্যস্ফীতির সমন্বয় করেছে। কিংবা আরো স্পষ্ট করে বলতে গেলে, আমি জানতে চাইব যে ফেডারেল রিজার্ভ কোনো"ধীরগতির অবতরণ (সফট ল্যান্ডিং) অর্জন করতে পেরেছে কিনা (বেকারত্ব উসকে না দিয়ে মূল্যস্ফীতি লক্ষ্যমাত্রার কাছাকাছি নামিয়ে আনা)। 

তথ্যটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ বিশ্ব অর্থনীতিতে বর্তমানে বিকল্প চালিকাশক্তির অভাব রয়েছে। সর্বোপরি চীন, যুক্তরাজ্য এবং ইউরো অঞ্চলের প্রবৃদ্ধিতে যে শ্লথগতি দেখা দিয়েছে তা সহসাই সমাধানযোগ্য নয়। স্থবির বিশ্ব অর্থনীতিতে উচ্চঋণের বোঝায় আরেক দফা সুদহার বৃদ্ধির দিকে এগোতে পারে যুক্তরাষ্ট্র এবং সঙ্গে ঘটতে পারে ডলারের মূল্যবৃদ্ধি। জাপান এখনো তার"ইল্ড-কার্ভ নিয়ন্ত্রণ নীতি থেকে বেরিয়ে আসার সহজ তরিকা খুঁজে বের করতে পারেনি। এদিকে বিশ্ব অর্থনীতিতে ক্রমান্বয়ে বিচ্ছিন্নতাও জেঁকে বসেছে। 

প্রাথমিক দৃষ্টিতে, ফেডারেল রিজার্ভের একটি ধীরগতির অবতরণ অর্জনের সম্ভাবনা আশাব্যঞ্জক বলেই মনে হয়। মূল্যস্ফীতি গত বছরের সর্বোচ্চ হার ৯ শতাংশ থেকে কমে ৩ শতাংশের সামান্য ওপরে এসেছে, যা ২ শতাংশ লক্ষ্যমাত্রাটির অনেক কাছে। একই সময়ে গৃহস্থালি ব্যয় অর্থনৈতিক প্রবৃদ্ধি চলমান রাখছে এবং বাণিজ্যিক করপোরেট ব্যালান্স শিটকে সুদৃঢ় রাখছে। এ অবস্থাগুলো বলে দেয় যে মার্কিন অর্থনীতি ফেডারেল রিজার্ভের বৃদ্ধি-হারগুলোর ক্রমবর্ধমান প্রভাবকে ৫ শতাংশ পর্যন্ত শোষণ করতে পারে, পাশাপাশি নড়বড়ে চীনা প্রবৃদ্ধি এবং ইউরোপের অনিয়মিতভাবে করা ফ্লার্টেশনের প্রভাবকে মন্দা দিয়ে পাশ কাটিয়ে যেতে পারে।

কিন্তু যেমনটা অর্থনৈতিক ইতিহাসবিদ নিয়াল ফার্গুসন সম্প্রতি উল্লেখ করেছেন,"আর্থিক নীতি পরিচালনা করা একেবারেই বিমান ওড়ানোর মতো নয়। এ উপমা বর্তমানে বিভিন্ন কারণে ফেডারেল রিজার্ভের জন্য বিশেষভাবে প্রযোজ্য বলে মনে হচ্ছে।

প্রথমত, ফেডারেল রিজার্ভের পরিচালনা সারগ্রন্থটি (অপারেটিং ম্যানুয়াল) সেকেলে। এর"নতুন আর্থিক কাঠামো"প্রকৃতপক্ষে এ দশকের অপর্যাপ্ত সামগ্রিক সরবরাহের পরিবর্তে, পূর্ববর্তী দশকের অপর্যাপ্ত সামগ্রিক চাহিদার জন্য উপযুক্ত। দ্বিতীয়ত, ফেডারেল রিজার্ভের ল্যান্ডিং জোন (অবতরণ অঞ্চল) প্রশ্নবিদ্ধ। কেননা এটি যে মুদ্রাস্ফীতির লক্ষ্যমাত্রা অনুসরণ করছে তা বর্তমান কাঠামোগত এবং প্রায়োগিক বাস্তবতার জন্য খুবই ছোট।

তৃতীয়ত, তাৎক্ষণিক অবস্থার ওপর অত্যধিক মনোযোগ দেয়ার মাধ্যমে ফেডারেল রিজার্ভ ভবিষ্যৎ হাওয়া পরিবর্তনের ধরনগুলোকে অবহেলা করতে পারে যা তার উচ্চতা পরিবর্তন রূপে সামনে আসতে পারে। চতুর্থত, এটি তার অবতরণ ক্রমকে বিলম্বে শুরু করেছে। একটি দীর্ঘ সময়ের পর অবশেষে হার-বৃদ্ধির একটি তীব্র চক্র বাস্তবায়নের আগে এটি মূল্যস্ফীতিকে"অস্থায়ী হিসেবে ভুলভাবে চিহ্নিত করেছিল। পরিশেষে, এটা স্পষ্ট নয় যে ফেডারেল রিজার্ভ তার পূর্বাভাস এবং যোগাযোগের ভুলগুলো থেকে যথাযথ সংশোধনের চেষ্টা করেছে কিনা।

হ্যাঁ, যুক্তরাষ্ট্রের অর্থনীতি তার উল্লেখযোগ্য উচ্চসুদের হার এবং উল্লেখযোগ্য বাহ্যিক বিপরীতমুখী প্রবাহ সত্ত্বেও সব সংশয়কে ছাড়িয়ে অন্যান্য প্রধান অর্থনীতির তুলনায় শক্তিশালী প্রবৃদ্ধি বজায় রেখেছে। কিন্তু এ ব্যতিক্রমী পারফরম্যান্সের ধারাবাহিকতা নির্ভর করছে মন্দা শুরু না করে একটি নিম্ন এবং স্থিতিশীল মূল্যস্ফীতি হার প্রতিষ্ঠা করার ব্যাপারে ফেডারেল রিজার্ভের সক্ষমতার ওপর। এটি একটি সূক্ষ্ম ভারসাম্যমূলক কাজ এবং যা কিছু ঘটবে তা উল্লেখযোগ্যভাবে প্রভাব ফেলবে বিশ্ব অর্থনীতির অন্যান্য প্রান্তে। নীতিনির্ধারকরা কীভাবে আজকের অভূতপূর্ব পরিস্থিতির উদ্ভাবনী সমাধান বের করেন তাও দেখার বিষয়। 

আমার আশাবাদ, এখন থেকে ছয় মাসের মধ্যে ফেডের গৃহীত পদক্ষেপ সাফল্যের মুখ দেখবে, আমরা একটি সফট ল্যান্ডিংয়ের মধ্য দিয়ে যাব। সামনের উত্তেজনাপূর্ণ কিন্তু চ্যালেঞ্জিং, প্রায়োগিক এবং কৌশলগত পরিবর্তনগুলো পরিচালনা করতে মার্কিন যুক্তরাষ্ট্র এবং বিশ্ব অর্থনীতির অবস্থান নির্ধারণে ফেডারেল রিজার্ভের সাফল্য উদযাপন করব। আমার ভয় হয় যে প্রক্রিয়াটি অনেক অর্থনৈতিক এবং বাজার বিশ্লেষকের প্রত্যাশার চেয়ে অনেক বেশি জটিল হবে এবং এটি বিশ্ব অর্থনীতির অন্যতম উজ্জ্বল দাগের ওপর এমন ছায়া ফেলবে যা একসময় এড়ানো সম্ভব ছিল।

[স্বত্ব: প্রজেক্ট সিন্ডিকেট]


মোহাম্মদ এ এল এরিয়ান: কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের কুইন্স কলেজের সভাপতি, পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয়ের হোয়ার্টন স্কুলের অধ্যাপক এবং দ্য অনলি গেম ইন টাউন: সেন্ট্রাল ব্যাংকস, ইনস্টেবিলিটি অ্যান্ড অ্যাভয়েডিং দ্য নেক্সট কলাপসের লেখক 

ভাষান্তর: সাবরিনা চৌধুরী

আরও