যুক্তরাষ্ট্র দূতাবাসের উদ্যোগে ঢাকায় আমেরিকান কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষা মেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শেরাটন হোটেলে এ মেলা অনুষ্ঠিত হয়। যুক্তরাষ্ট্রের চার্জ ডি’অ্যাফেয়ার্স নেথান ডি. ফ্লুক বেলা ১১টায় মেলার উদ্বোধন করেন।
মেলায় যুক্তরাষ্ট্রের ৩১টি কলেজ ও বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এ সময় ভর্তিচ্ছু শিক্ষার্থী, অভিভাবক ও স্কুল কাউন্সেলরদের বিশ্ববিদ্যালয়গুলোর কর্মকর্তাদের সঙ্গে মুখোমুখি আলাপের সুযোগ করে দেয়া হয়। আয়োজকদের তথ্যানুযায়ী, মেলায় চার হাজার ভর্তিচ্ছু শিক্ষার্থী অংশগ্রহণ করেছেন।
মেলায় অংশগ্রহণকারী বিশ্ববিদ্যালয়গুলো হলো—ক্যানেসিয়াস বিশ্ববিদ্যালয়, ক্যাসকাডিয়া কলেজ, ড্রেক্সেল বিশ্ববিদ্যালয়, এম্পোরিয়া স্টেট বিশ্ববিদ্যালয়, ইন্ডিয়ানা বিশ্ববিদ্যালয়-পাড়ডু বিশ্ববিদ্যালয় ইন্ডিয়ানাপলিস, আইওয়া স্টেট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিশ্ববিদ্যালয়, জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়, লুইজিয়ানা টেক বিশ্ববিদ্যালয়, মার্সি বিশ্ববিদ্যালয়, নর্থইস্টার্ন বিশ্ববিদ্যালয়, নোভা সাউথইস্টার্ন বিশ্ববিদ্যালয়, ওল্ড ডোমিনিয়ন বিশ্ববিদ্যালয়, প্যাসিফিক ওকস কলেজ, সিয়াটেল সেন্ট্রাল কমিউনিটি কলেজ, আলব্যানির স্টেট ইউনিভার্সিটি অব নিউ ইয়র্ক, বাফেলোর স্টেট ইউনিভার্সিটি অব নিউইয়র্ক, শিকাগো স্কুল অব প্রফেশনাল সাইকোলজি, ট্রাইন বিশ্ববিদ্যালয়, ট্রয় বিশ্ববিদ্যালয়, সিনসিনাটি বিশ্ববিদ্যালয়, বোল্ডারে কলোরাডো বিশ্ববিদ্যালয়, ম্যাসাচুসেটস বিশ্ববিদ্যালয়-লোয়েল, মিশিগান ফ্লিন্ট বিশ্ববিদ্যালয়, মিসৌরি বিশ্ববিদ্যালয়-কলাম্বিয়া, হ্যাভন বিশ্ববিদ্যালয়, ওরিগন বিশ্ববিদ্যালয়, ইউটাহ বিশ্ববিদ্যালয়, উইসকনসিন বিশ্ববিদ্যালয়-মিলওয়াকি, ভার্জিনিয়া কমনওয়েলথ বিশ্ববিদ্যালয়, ইয়ংস্টাউন স্টেট বিশ্ববিদ্যালয় এবং ওয়েইন স্টেট বিশ্ববিদ্যালয়।
উদ্বোধনী বক্তব্যে চার্জ ডি’অ্যাফেয়ার্স নেথান ডি. ফ্লুক যুক্তরাষ্ট্রের ক্যাম্পাসগুলোয় বাংলাদেশী শিক্ষার্থীদের ধারাবাহিক সাফল্যের কথা তুলে ধরেন। এ সময় তিনি দুই দেশের মধ্যে গতিশীল শিক্ষার্থী, গবেষক, স্কলার ও শিক্ষাবিদ বিনিময় এবং আন্তর্জাতিক শিক্ষা প্রচেষ্টার প্রশংসা করেন। তিনি জানান, যুক্তরাষ্ট্রে শিক্ষার্থী প্রেরণের ক্ষেত্রে বাংলাদেশ বর্তমানে ১৩তম অবস্থানে রয়েছে।
উল্লেখ্য, ২০২১-২২ শিক্ষাবর্ষে, ২০০টিরও বেশি দেশের প্রায় ৯ লাখ ৪৮ হাজার ৫১৯ জনের বেশি শিক্ষার্থী যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষার সুযোগ পেয়েছেন। এদের একটি বড় অংশকে যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব স্টেটের বৈশ্বিক নেটওয়ার্ক ‘এডুকেশন ইউএসএ’ প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করেছে। সংগঠনটির আওতায় ১৭৮টি দেশে ৪২৫টিরও বেশি আন্তর্জাতিক শিক্ষার্থী পরামর্শ কেন্দ্র রয়েছে।