মেরিল-প্রথম আলো পুরস্কার ২০২২

সেরা অভিনেত্রী বিদ্যা সিনহা মিম অভিনেতা চঞ্চল চৌধুরী

মেরিল-প্রথম আলো পুরস্কার–২০২২-এর জাঁকজমকপূর্ণ আয়োজনের ২৪তম আসর গতকাল রাজধানীর শেরেবাংলা নগরের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের হল অব ফেমে অনুষ্ঠিত হয়েছে।

মেরিল-প্রথম আলো পুরস্কার–২০২২-এর জাঁকজমকপূর্ণ আয়োজনের ২৪তম আসর গতকাল রাজধানীর শেরেবাংলা নগরের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের হল অব ফেমে অনুষ্ঠিত হয়েছে। অভিনেতা সিয়াম আহমেদ ও প্রীতম হাসানের সাবলীল ও প্রাণবন্ত উপস্থাপনায় অনুষ্ঠানটি ছিল নানা পরিবেশনায় সাজানো। শুরুতে গান ও নৃত্য দিয়ে শুরু হয় মেরিল-প্রথম আলো পুরস্কারের এবারের আসর। পরে আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠান শুরুর ঘোষণা দেন প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক আনিসুল হক। এরপর স্বাগত বক্তব্য দেন প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান। তিনি বলেন, ‘আমাদের একটাই ইচ্ছা, আমরা বাংলাদেশের মুখে হাসি দেখতে চাই।’ অনুষ্ঠানে আসার জন্য তিনি সবাইকে ধন্যবাদ জানান। স্বাগত বক্তব্য দেন মাছরাঙা টেলিভিশন ও স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী। এরপর আনিসুল হক এবারের আসরের দুই সঞ্চালককে মূল মঞ্চে আমন্ত্রণ জানান।

এবারের মেরিল-প্রথম আলো আজীবন সম্মাননা পেলেন কিংবদন্তি সংগীতশিল্পী সৈয়দ আবদুল হাদী। গতকাল শুক্রবার সন্ধ্যায় ঢাকার শেরেবাংলা নগরের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের হল অব ফেমে মেরিল-প্রথম আলো পুরস্কার ২০২২-এর ২৪তম আসরে তার হাতে সম্মাননা তুলে দেয়া হয়। সৈয়দ আবদুল হাদীর হাতে সম্মাননা, ক্রেস্ট ও চেক তুলে দেন শিল্পী রুনা লায়লা। এ সময় মঞ্চে ছিলেন স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী ও প্রথম আলো সম্পাদক মতিউর রহমান। কানায় কানায় পরিপূর্ণ মিলনায়তনের সবাই দাঁড়িয়ে সম্মান জানান বরেণ্য এ শিল্পীকে।

আজীবন সম্মাননা পেয়ে অনুভূতি জানাতে গিয়ে সৈয়দ আবদুল হাদী বলেন, ‘যে ভালোবাসার সঙ্গে সম্মান নেই এবং যে সম্মানের সঙ্গে ভালোবাসা নেই তার কোনোটাই আমি প্রত্যাশা করি না। মেরিল-প্রথম আলোর এই আজীবন সম্মাননায় এ দুটোই পেয়েছি। তাই আমি আনন্দিত ও সম্মানিত।’

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনয়শিল্পী চঞ্চল চৌধুরী, জয়ন্ত চট্টোপাধ্যায়, তারিক আনাম খান, নিমা রহমান, সাবিলা নূর, বিদ্যা সিনহা মিম ও পূজা চেরি, বরেণ্য সংগীতশিল্পী রুনা লায়লা, গায়ক, অভিনেতা, সংগীত পরিচালক প্রীতম হাসান ও মডেল, অভিনেত্রী শেহতাজ মনিরা হাশেম, কণ্ঠশিল্পী ও অভিনয়শিল্পী জেফার প্রমুখ তারকা।

এবারের মেরিল-প্রথম আলো পুরস্কারে প্রেক্ষাগৃহের চলচ্চিত্র, ডিজিটাল মাধ্যমের চলচ্চিত্র বিভাগের তারকা জরিপের পুরস্কারে সেরা চলচ্চিত্র অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। তিনি পরাণ সিনেমার জন্য এ পুরস্কার পান। সেরা চলচ্চিত্র অভিনেতা হয়েছেন চঞ্চল চৌধুরী। তিনি ‘হাওয়া’ সিনেমার জন্য এ পুরস্কার পান। এদিকে তারকা জরিপের (টিভি নাটক, সীমিত দৈর্ঘ্য কাহিনীচিত্র: ডিজিটাল মাধ্যম, টিভি সিরিজ, ওয়েব সিরিজ) সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন মেহজাবীন চৌধুরী। তিনি ‘পুনর্জন্ম–৩’-এর জন্য এ পুরস্কার পেলেন। সেরা অভিনেতা আফরান নিশো। তিনি পুনর্জন্ম–৩-এর জন্য এ পুরস্কার পেলেন। সেরা গায়িকার পুরস্কার পেলেন আতিয়া আনিসা। তিনি ‘পরাণ’ সিনেমার ‘চলো নিরালায়’ গানের জন্য এ পুরস্কার পেলেন। সেরা গায়কের পুরস্কার পেলেন এরফান মৃধা শিবলু। ‘হাওয়া’ সিনেমার ‘সাদা সাদা কালা কালা’ গানের জন্য তিনি এ পুরস্কার পেলেন। তারকা জরিপের (টিভি নাটক, সীমিত দৈর্ঘ্য কাহিনীচিত্র: ডিজিটাল মাধ্যম, টিভি সিরিজ, ওয়েব সিরিজ) সেরা নবাগত অভিনয়শিল্পী রোদেলা টাপুর। তিনি ‘দেশান্তর’-এর জন্য এ পুরস্কার পেলেন।

মেরিল-প্রথম আলো সমালোচক পুরস্কার ২০২২-এ সীমিত দৈর্ঘ্য কাহিনীচিত্র ‘আড়াল’-এর জয়জয়কার। সেরা চিত্রনাট্যকার, সেরা নির্দেশক ও সেরা অভিনেতার পুরস্কার পেয়েছে কাহিনীচিত্রটি। সেরা চিত্রনাট্যকার আল আমিন হাসান নির্ঝর (আড়াল), সেরা নির্দেশক নাজমুল নবীন (আড়াল), সেরা অভিনেতা প্রীতম হাসান (আড়াল)। এ বিভাগের সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন নাজিয়া হক অর্ষা। তিনি গালিবের প্রেম ও বসন্তের কাব্যর জন্য এ পুরস্কার পেয়েছেন।

সেরা ওয়েব সিরিজের পুরস্কার পেয়েছে ‘শাটিকাপ’। এ সিনেমার প্রযোজক রেদওয়ান রনির হাতে পুরস্কার তুলে দেন অপি করিম। এদিকে সেরা পরিচালকের (ওয়েব সিরিজ) পুরস্কার পেয়েছেন নুহাশ হুমায়ূন। তিনি ‘পেট কাটা ষ’-এর জন্য এ পুরস্কার পেলেন। নুহাশ হুমায়ূনের হাতে পুরস্কার তুলে দেন ইন্তেখাব দিনার ও অপি করিম। সেরা চলচ্চিত্র ওয়েব ফিল্ম বিভাগে সেরা চলচ্চিত্র অভিনেতার (সমালোচক) পুরস্কার পান চঞ্চল চৌধুরী। তিনি ‘দুই দিনের দুনিয়া’ ছবির জন্য এ পুরস্কার পান।

‘সাদা সাদা কালা কালা’ গানের ছবি ‘হাওয়া’র জয়জয়কার। সিনেমাটি তিনটি পুরস্কার পেয়েছে। সেরা চলচ্চিত্র ওয়েব ফিল্ম বিভাগে সমালোচক পুরস্কার পায় ‘হাওয়া’। চলচ্চিত্রটির প্রযোজক অজয় কুমার কুণ্ডুর হাতে পুরস্কার তুলে দেন অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা ও নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। সেরা চলচ্চিত্র ওয়েব ফিল্ম বিভাগে সেরা চলচ্চিত্র পরিচালকের সমালোচক পুরস্কার পেয়েছে ‘‌হাওয়া’। এ সিনেমার পরিচালক মেজবাউর রহমান সুমনের হাতে পুরস্কার তুলে দেয়া হয়। সেরা চলচ্চিত্র অভিনেত্রী (সমালোচক) পুরস্কার পেয়েছেন ‘হাওয়া’র অভিনেত্রী নাজিফা তুষি।

আরও