বিএনপি ক্ষমতায় গেলে এক রাতেই আওয়ামী লীগকে শেষ করে দেবে বলে মন্তব্য করেছেন ওবায়দুল কাদের। রাজধানীর মিরপুরে গতকাল খাদ্যসামগ্রী বিতরণের এক অনুষ্ঠানে এ মন্তব্য করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। বঙ্গবন্ধুর ৪৮তম শাহাদতবার্ষিকী উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ।
বিএনপিকে উদ্দেশ্য করে ওবায়দুল কাদের বলেন, ‘জনগণ কি চায় শেখ হাসিনা পদত্যাগ করুক? আদালতের আদেশে কেয়ারটেকার সরকার কবরে ঘুমিয়ে আছে। সেটি কি আর এ দেশের জনগণ চায়? তারা কেন চায়? আসলে তাদের মুখে মধু অন্তরে বিষ। তারা বলে ক্ষমতায় এলে আওয়ামী লীগের কোনো ক্ষতি হবে না। কী সুন্দর কথা। এমনিতেই তারা আমাদের নিঃস্ব করে দিয়েছে। ক্ষমতায় এলে বাকিটা এক রাতের মধ্যেই শেষ করে দেবে।’
তিনি বলেন, ‘বিএনপি সন্ত্রাসীদের দল। আমরা বলছি না; কানাডার আদালত বলছেন। তাদের হাতে রক্তের দাগ। অথচ তারা আজ মিষ্টি মিষ্টি কথা বলে। মোশতাক ও জিয়ার নেতৃত্বে ১৯৭৫ সালের ১৫ আগস্ট ও ৩ নভেম্বর হত্যাকাণ্ড করেছে।’
ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক বলেন, ‘বিএনপি নেতারা সরকারের সমালোচনা করে বাসায় গিয়ে এসি রুমে ঘুমাচ্ছে। তারা এখন মানবাধিকারের কথা বলছে। মনে হয় তারা খাঁটি ফেরেশতা। তাদের মতো ভালো মানুষ এ পৃথিবীতে নেই।’
বিএনপি নেতাদের কোনো ইমান নেই মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, ‘আমান উল্লাহ আমান ফলের রস খেয়ে সব ভুলে গেছে। এমনকি প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে এসেছে। গয়েশ্বর কিশোরগঞ্জের কোরাল মাছ খেয়ে খুশি হয়েছে। এমনকি কিছু প্যাকেট বাড়ির জন্যও নিয়ে গেছে। এগুলো ওপেন, ছবি আছে।’
তিনি বলেন, ‘সমবেত জনগণের কাছে আমি জানতে চাই, শেখ হাসিনার বিকল্প প্রধানমন্ত্রী কে আছেন? তার মতো জনদরদি নেতা কে আছেন? আমি সব দলের কাছে জানতে চাই, শেখ হাসিনা ছাড়া যোগ্য নেতা কে আছে? বিএনপি কাকে নেতা বানাবে?’
ওবায়দুল কাদের বলেন, ‘মেট্রোরেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে দেখলে মনে হবে বিদেশে আছি। শেখ হাসিনা জনগণের প্রতি যে প্রতিজ্ঞা করেন তা রক্ষা করেন। সামনে তারা চোখে অন্ধকার দেখবে। তাদের ভোট দিলে বাংলাদেশকে গিলে খাবে। বাংলাদেশকে পাকিস্তান, আফগানিস্তান বানাবে। তারা আছে সেই ধান্ধায়।’
তিনি বলেন, ‘শেখ হাসিনা হারলে বাংলাদেশ হেরে যাবে, গরিব মানুষ হেরে যাবে, স্বাধীনতা হেরে যাবে। তাই তাকে বিজয়ী করতে হবে। তিনি হেরে গেলে বাংলাদেশের উন্নয়ন হেরে যাবে। তাই সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমরা খালি হাতে লড়ব। তবে আগুন হাতে এলে আমরা তা শক্ত হাতে প্রতিহত করব।’
আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম বলেন, ‘তারেক রহমান বিদেশের মাটিতে বসে বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র করছে। শুনলাম বিএনপি নাকি ঘোষণা দিয়েছে, আগামী সেপ্টেম্বরে তারা শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করবে। এমন ঘোষণা তারা আগেও দিয়েছে। কিন্তু তাদের সেই আলটিমেটাম বাস্তবায়ন হয়নি। এবারাে হবে না। আমরা জনগণকে সঙ্গে নিয়ে তাদের সব ষড়যন্ত্র প্রতিহত করব।’
ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ সভাপতি শেখ বজলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক এসএম মান্নান কচি। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, ঢাকা ১৪ আসনের সংসদ সদস্য আগা খান মিন্টু প্রমুখ।