বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, শোক র্যালি ও আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে সারা দেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে গতকাল সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখার মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। বিস্তারিত প্রতিনিধিদের পাঠানো খবরে—
রাজশাহী: জেলা প্রশাসন, সিটি করপোরেশনসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তর, সংস্থা, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠন দিবসটি পালন করেছে। সকালে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ উপলক্ষে আলোচনা সভা আয়োজন করে রাজশাহী জেলা প্রশাসন।
ময়মনসিংহ: সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখার মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়। বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পমাল্য অর্পণ করেন গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ, ময়মনসিংহ সিটি করপোরেশনের মেয়র ইকরামুল হক টিটু, বিভাগীয় কমিশনার উম্মে সালমা তানজিয়ার প্রমুখ।
ব্রাহ্মণবাড়িয়া: দিবসটি উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে শহরের লোকনাথ টেংকেরপাড় থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। পরে বঙ্গবন্ধু স্কয়ারে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন স্থানীয় সংসদ সদস্য র. আ. ম উবায়দুল মোকতাদির চৌধুরী, জেলা প্রশাসক মো. শাহগীর আলম, পুলিশ সুপার মোহাম্মদ শাখাওয়াত হোসেন, জেলা পরিষদ চেয়ারম্যান আল-মামুন সরকার।
চুয়াডাঙ্গা: দিনের শুরুতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন। এছাড়া জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমা ও পুলিশ সুপার আব্দুল্লাহ আল-মামুন।
ফরিদপুর: বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে ফরিদপুরে জাতীয় শোক দিবস পালিত হয়েছে। সকালে জেলা প্রশাসনের উদ্যোগে দিবসটি উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রা বের হয়।
হিলি (দিনাজপুর): দিবসটি উপলক্ষে হাকিমপুর উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে কালো পতাকা উত্তোলন করা হয়। একই সঙ্গে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিত করা হয়। এরপর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তার পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। এছাড়া বঙ্গবন্ধুর প্রতিকৃতিত্বে শ্রদ্ধা নিবেদন করা হয়।
এদিকে জাতীয় শোক দিবস উপলক্ষে হিলিতে সীমান্তবর্তী এলাকার গরিব মানুষদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে বিজিবি।
ঝালকাঠি: দিনটি উপলক্ষে জেলা প্রশাসন ও জেলা আওয়ামী লীগ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করে। পরে শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে ভিডিও কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্য দেন ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু এমপি।
ঝিনাইদহ: দিবসটি উপলক্ষে শহরের বিভিন্ন স্থানে সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক সংগঠন ও শিক্ষাপ্রতিষ্ঠানের পক্ষ থেকে শোক মিছিল বের করা হয়। পরে প্রেরণা একাত্তর চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়।
রাজবাড়ী: জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে নির্মিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য মুক্তিযোদ্ধা জিল্লুল হাকীম, রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সালমা চৌধুরী রুমা, জেলা প্রশাসক আবু কায়সার খান, পুলিশ সুপার জিএম আবুল কালাম আজাদ।
পঞ্চগড়: সার্কিট হাউজ চত্বরে অবস্থিত বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধা নিবেদন করেন রেলমন্ত্রী অ্যাডভোকেট নূরুল ইসলাম সুজন। শ্রদ্ধা নিবেদন শেষে সেখান থেকেই শোক মিছিল বের করা হয়। পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সব শহীদের রুহের মাগফিরাত এবং দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
সিরাজগঞ্জ: বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ এবং মিলাদ ও দোয়া মাহফিল, আলোচনা সভা, মসজিদ, মন্দির, গির্জায় বিশেষ দোয়া ও প্রার্থনার আয়োজন করা হয় সিরাজগঞ্জে। এছাড়া জেলা আওয়ামী লীগের আয়োজনে দলীয় কার্যালয়ের সামনে থেকে শোকমিছিল বের করা হয়।
ঠাকুরগাঁও: এতিমদের নিয়ে দোয়া, মিলাদ মাহফিল ও এতিম, অসহায় এবং দুস্থদের মাঝে খাদ্য বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে ঠাকুরগাঁওয়ে। এসব কর্মসূচির আয়োজন করেন দুবাইয়ের মিনিস্টার অ্যান্ড ডেপুটি কনসাল জেনারেল সাহেদুল ইসলাম সাহেদ।
নরসিংদী: জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে জয়বাংলা চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান জেলা প্রশাসক আবু নইম মোহাম্মদ মারুফ খান, পুলিশ সুপার মোহাম্মদ মোস্তফিজুর রহমান, সিভিল সার্জন ডা. মো. নুরুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলীর নেতৃত্বে আওয়ামী লীগ নেতাকর্মীরা ও জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুল মোতালিব পাঠান।
এছাড়া ঢাকা, কিশোরগঞ্জ, গাজীপুর, নারায়ণগঞ্জ, যশোর, খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, চট্টগ্রাম, নোয়াখালী, ফেনী, কুমিল্লা, বরিশাল, ভোলাসহ দেশের অন্যান্য জেলায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়।