গত বছর মুক্তি পায় জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম অভিনীত প্রথম ভারতীয় সিনেমা ‘ডিকশনারি’। সিনেমাটি পরিচালনা করেন নির্মাতা ও অভিনেতা ব্রাত্য বসু। আবারো মোশাররফ করিম এ পরিচালকের সিনেমায় অভিনয় করেছেন। সিনেমার নাম ‘হুব্বা’। এতে কেন্দ্রীয় চরিত্রে আছেন মোশাররফ করিম আর কলকাতা পুলিশের বেশে দেখা যাবে ইন্দ্রনীল সেনগুপ্তকে। কিছুদিন আগেই সিনেমার প্রথম ঝলকে দেখা গিয়েছিল মোশাররফ করিমকে। আর গতকাল প্রকাশ পেল সিনেমাটির টিজার। অভিনেতা নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে টিজার শেয়ার করেছেন। গ্যাংস্টার অবতারে দেখা গেছে তাকে। হুগলির দাউদ ইব্রাহিম খ্যাত হুব্বা শ্যামলকে নিয়ে হয়েছে সিনেমাটি। হুব্বা শ্যামলের টিজারে বেশ প্রশংসা পাচ্ছেন মোশাররফ করিম।
৪০ সেকেন্ডের টিজারে মোশাররফ করিম গ্যাংস্টার হুব্বা শ্যামলকে ফুটিয়ে তুলেছেন নিখুঁতভাবে। গ্যাংস্টারের ভয়ংকর রূপের পাশাপাশি হুব্বার ব্যক্তি জীবনের ঝলক দেখা যায় টিজারে। কখনো মানুষকে অত্যাচার করছেন, আবার কখনো রাতের অন্ধকারে নিজের দল নিয়ে জড়িয়ে যাচ্ছেন অপরাধমূলক কর্মকাণ্ডে, আবার কখনো বিয়ের আসরে নাচছেন। সব মিলিয়ে একেবারে ভিন্নভাবে দেখা গেছে মোশাররফ করিমকে। এর আগে এমন চরিত্রে দেখা যায়নি এ গুণী অভিনেতাকে। থ্রিলার ও কমোডির মিশেলে টিজারের মূল কেন্দ্রবিন্দু ছিলেন বাংলাদেশের মোশাররফ করিম। এছাড়া টিজারে পুলিশের বেশে দেখা গেছে কলকাতার পরিচিত মুখ ইন্দ্রনীল সেনগুপ্তকে। এটা স্পষ্ট যে এ সিনেমায় ইন্দ্রনীলের সঙ্গে মোশাররফের লড়াই চলবে।
গত মাসের শেষে হুব্বার ফার্স্টলুক করা হয়েছিল। সেখানে ১২ সেকেন্ডের ঝলকে দেখা গিয়েছিল গলায় গাঁদা ফুলের মালা জড়িয়ে হাসছে হুব্বা, হাতে রয়েছে পিস্তল। তার দুপাশে আটজন সহকারী একই ভঙ্গিমায় তাকিয়ে। সে সময় অনেকেই মোশাররফ করিমের সঙ্গে দক্ষিণী সিনেমা ‘পুষ্পা’র লুকের মিল পাচ্ছিলেন। গ্যাংস্টারের হুব্বা শ্যামলের চরিত্রে একেবারে মানিয়ে গেছেন এ অভিনেতা।
নব্বই দশকের শেষ দিকে যার আধিপত্য ছিল হুগলিজুড়ে। তাকে বলা হতো ‘হুগলির দাউদ ইব্রাহিম’। খুন, মারামারি, মাদক পাচার ইত্যাদি বহু অপরাধে জড়িত ছিল হুব্বা। অসংখ্য মামলা ছিল তার নামে। সেসব কাটিয়ে নির্বাচনেও দাঁড়িয়েছিল হুব্বা। নানা নাটকীয়তায় ভরা তার জীবনের সমাপ্তি ঘটে ২০১১ সালে, বৈদ্যবাটির খালে পাওয়া যায় তার মরদেহ।
এতে মোশাররফ করিমের সঙ্গে দেখা যাবে পৌলমী বসুসহ কলকাতার নাট্যজগতের আরো কয়েকজন অভিনেতাকে।