টুইটার বা বর্তমান এক্সের সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকতে থ্রেডস অ্যাপ চালু করে মেটা। এরপর এর ব্যবহারকারী বেড়েছে উল্লেখজনক হারে। ব্যবহারকারীদের উন্নত অভিজ্ঞতা দিতে নতুন সব সুবিধা যুক্ত করছে মেটা। এর অংশ হিসেবে দ্রুত প্লাটফর্মে সার্চ ফাংশন যুক্ত হতে যাচ্ছে। খবর এনগ্যাজেট।
কয়েক সপ্তাহের মধ্যেই নতুন ফিচারগুলো আসছে বলে একটি থ্রেডস পোস্টে জানিয়েছেন মেটার সিইও মার্ক জাকারবার্গ। পোস্টে তিনি বলেন, ‘থ্রেডসের জন্য একটি ভালো সপ্তাহ।এখানকার কমিউনিউটি এগিয়ে যাচ্ছে, একটি দীর্ঘমেয়াদি প্রাণবন্ত অ্যাপ তৈরির আশা করছি।’
বর্তমানে এক্স নামে পরিচিত টুইটার বিভিন্ন সংকটে জর্জরিত। একই সঙ্গে এর মালিক মাস্ক প্রতিদিনই নতুন সমালোচনা তৈরি করছেন। এ সুযোগ কাজে লাগাতে গত মাসে বেশ ঘটা করেই থ্রেডস আনেন জাকারবার্গ। গত কয়েক সপ্তাহে খুবই উল্লেখযোগ্যভাবে এর ব্যবহারে ভাটা পড়ে যেনো এর জৌলুস চলে গিয়েছে। এর মধ্যেই অনেক গ্রাহকই এর অ্যাপটির সীমিত ফিচারে হতাশা ব্যক্ত করেছেন।
কনটেন্ট নির্মাতা ও বিজ্ঞাপনদাতারা সিএনবিসিকে জানায়, থ্রেডসকে একটি গুরুত্বপূর্ণ সার্ভিস হতে হলে রিয়েল-টাইম আপডেট সার্চ করার মতো ফিচার থাকতে হবে। যার মাধ্যমে ট্রেন্ডিং ফিচার এবং পুরনো পোস্ট খুঁজে বের করা যাবে। সেই সঙ্গে এক্স-এর সঙ্গে টেক্কা দিতে হলে মেটার অ্যাপটিতেও ওয়েব থেকে প্রবেশের সুবিধা থাকতে হবে।