সংযুক্ত আরব আমিরাতের জিডিপি ঊর্ধ্বমুখী

চলতি বছরের প্রথম প্রান্তিকে সংযুক্ত আরব আমিরাতের অর্থনীতি গত বছরের এ সময়ের তুলনায় ৩ দশমিক ৮ শতাংশ সম্প্রসারণ হয়েছে।

চলতি বছরের প্রথম প্রান্তিকে সংযুক্ত আরব আমিরাতের অর্থনীতি গত বছরের এ সময়ের তুলনায় ৩ দশমিক ৮ শতাংশ সম্প্রসারণ হয়েছে। জ্বালানি তেলবহির্ভূত অন্যান্য খাতের বৃদ্ধি প্রভাব ফেলেছে জিডিপিতে। আরব বিশ্বের দ্বিতীয় বৃহৎ অর্থনীতির দেশটি অভ্যন্তরীণ অর্থনীতিকে বহুমাত্রিক করার উদ্যোগ নিয়েছে, সেটাই দৃশ্যমান সম্প্রতি প্রকাশিত দেশটির সরকারি প্রতিবেদনে। খবর দ্য ন্যাশনাল নিউজ।

চলতি বছরের প্রথম প্রান্তিকে সংযুক্ত আরব আমিরাতের জিডিপি বেড়ে দাঁড়িয়েছে ১১ হাজার ৩৯০ কোটি ডলার বা ৪১ হাজার ৮৩০ কোটি দিরহাম। গত বছরে জিডিপি ছিল ৪০ হাজার ৩৩০ কোটি দিরহাম। দেশটির অর্থমন্ত্রী আবদুল্লাহ বিন তৌক দাবি করেছেন, অধিকাংশ খাত ও অর্থনৈতিক কার্যক্রমই প্রবৃদ্ধির পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

জ্বালানি তেলবহির্ভূত অন্যান্য খাতের জিডিপি ৪ দশমিক ৫ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৩১ হাজার ২০০ কোটি দিরহাম। গত বছরের এ সময়ে জিডিপি ছিল ২৯ হাজার ৮৫০ কোটি দিরহাম। দেশটি জ্ঞান, প্রযুক্তি ও সৃজনশীলতার ওপর ভর করে অর্থনীতিতে পরিবর্তন আনতে নীতিমালা গ্রহণ করেছে এক দশক ধরে। আবদুল্লাহ বিন তৌক বলেছেন, ‘স্থিতিস্থাপক অর্থনৈতিক নীতিমালা গ্রহণে ইতিবাচক পরিবর্তন এসেছে অর্থনীতিতে। বৈচিত্র্য আনয়নে গৃহীত পদক্ষেপ এক্ষেত্রে অনেকটাই সফল।’

সংযুক্ত আরব আমিরাতের কভিড-১৯ পরবর্তী সময়ে গত বছর পুনরুদ্ধার হয়েছে, যার গতি ২০২৩ সালেও চলমান। পুনরুদ্ধার পথে ভূমিকা রেখেছে তেলের দাম ও মহামারী মোকাবেলায় সরকারের গৃহীত পদক্ষেপ। ২০২২ সালে সংযুক্ত আরব আমিরাতের জিডিপি বেড়েছিল ৭ দশমিক ৯ শতাংশ, যা পূর্ববর্তী ১১ বছরের মধ্যে সর্বোচ্চ।

দেশটির সরকার ভোক্তাপণ্যের দাম নিয়ন্ত্রণ, মূল্যস্ফীতি মোকাবেলা ও মুদ্রানীতিসংক্রান্ত নীতিমালা গ্রহণ করেছে। জ্বালানি তেলবহির্ভূত খাতে বাণিজ্যিক কার্যক্রম বেড়েছে। জুনে এ খাতে ক্রয়াদেশ ছিল ২০১৯ সালের জুনের পর সর্বোচ্চ।

এসঅ্যান্ডপি গ্লোবাল পারচেজিং ম্যানেজার্স ইনডেক্স (পিএমআই) জুনে উঠেছে ৫৬ দশমিক ৯ পয়েন্টে, যা মে মাসে ছিল ৫৫ দশমিক ৫ পয়েন্ট। পিএমআই ৫০-এর বেশি থাকলে কারখানা কার্যক্রম সম্প্রসারণ ও কম থাকলে সংকোচনকে বোঝানো হয়। জুনে সূচক বৃদ্ধির প্রধান কারণ ছিল জ্বালানি তেলবহির্ভূত খাতের বৃদ্ধি।

ইউএই অর্থনীতি চলতি বছরে ৩ দশমিক ৩ শতাংশ সম্পসারণ হবে বলে পূর্বাভাস দিয়েছে দেশটির কেন্দ্রীয় ব্যাংক। ২০২৪ সালে প্রবৃদ্ধি থাকবে ৪ দশমিক ৩ শতাংশ। ২০৩১ সালের মধ্যে সংযুক্ত আরব আমিরাত দেশের অর্থনীতিকে দ্বিগুণ সম্প্রসারণ করতে চায়। সেজন্য মনোযোগ দেয়া হয়েছে জ্বালানি তেলবহির্ভূত খাতে।

আরও