সরকারের পদত্যাগের দাবিতে পদযাত্রা কর্মসূচির প্রচারণায় মাইক ব্যবহার করতে পারবে না বিএনপি। এক দফা দাবিতে পদযাত্রা প্রচারণার জন্য ওয়ার্ডে ওয়ার্ডে মাইকিং করার অনুমতি চেয়ে ঢাকা
মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাছে
আবেদন করেছিল দলটি। তবে ডিএমপির গণমাধ্যম শাখা জানিয়েছে,
জনসাধারণের বিরক্তি ও শব্দদূষণ রোধে মাইকিং করতে নিষেধ করা
হয়েছে তাদের।
দক্ষিণ বিএনপির
সদস্য ও দফতরের চলতি দায়িত্বে থাকা সাইদুর রহমান মিন্টুর
ওই আবেদনের বিপরীতে আজ রোববার (১৬ জুলাই) দলটিকে চিঠি দিয়ে মাইকিং করা থেকে বিরত থাকতে বলেছে ডিএমপি।
উল্লেখ্য, আগামী মঙ্গল
ও বুধবার (১৮ ও ১৯ জুলাই) পদযাত্রা কর্মসূচি
পালন করবে বিএনপি। এ জন্য আগামী সোমবার মাইকিংয়ের অনুমতি চেয়ে সম্প্রতি ঢাকা উত্তর
বিএনপির পক্ষ থেকেও ডিএমপির কাছে আবেদন জানানো হয়।
তাদের আবেদনের প্রেক্ষিতে ডিএমপির চিঠিতে বলা হয়, ঢাকা মহানগরী পুলিশ
অধ্যাদেশ ১৯৭৬ এর ৩১ বিধি অনুযায়ী, মহানগরীর জনসাধারণের
বিরক্তিসহ শব্দদূষণ রোধকল্পে মাইক্রোফোন, লাউড স্পিকার বা
অন্য কোনো শব্দ জোরদার করার জন্য ব্যবহৃত যন্ত্র (মাইকিং) নিষিদ্ধ, সীমিত ও নিয়ন্ত্রণ করার ক্ষমতা ডিএমপি কমিশনারের রয়েছে। ওই বিধি
অনুযায়ী জনসাধারণের বিরক্তিসহ শব্দদূষণ রোধকল্পে মাইকিং করা থেকে বিরত থাকার জন্য বলা হলো।