ভারতের আদানি
গ্রুপের ঝাড়খণ্ডের গড্ডা বিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিটে বাণিজ্যিকভাবে বিদ্যুৎ উৎপাদন
শুরু হয়েছে। আজ সোমবার (২৬ জুন) মুম্বাই স্টক এক্সচেঞ্জে দেওয়া এক চিঠিতে আদানি পাওয়ার
এ তথ্য জানিয়েছে।
চিঠিতে বলা
হয়, পরীক্ষামূলক কার্যক্রম শেষে রোববার বাংলাদেশ সময় রাত ১২টায় আদানি পাওয়ারের দ্বিতীয়
ইউনিট বাণিজ্যিক কার্যক্রম শুরু করেছে।
বিদ্যুৎ কেন্দ্রটি
এখন পূর্ণ এক হাজার ৪৯৬ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা অর্জন করেছে। গত ৮ জুন
থেকে পরীক্ষামূলক উৎপাদনে যায় দ্বিতীয় ইউনিটটি। গত ৭ এপ্রিল ৭৪৮ মেগাওয়াট সক্ষমতার
প্রথম ইউনিট বাণিজ্যিক উৎপাদন শুরু করে।
আদানির বাণিজ্যিক বিদ্যুৎ উৎপাদনের বিষয়টি নিশ্চিত করেছেন বিদ্যুৎ বিভাগের শীর্ষ এক কর্মকর্তা। তিনি বণিক বার্তাকে জানান, আদানির বিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিটের বাণিজ্যিক কার্যক্রম শুরু হয়েছে। এখন থেকে কেন্দ্রটি থেকে আমরা পূর্ণ সক্ষমতায় বিদ্যুৎ নিতে পারবো। ফলে আমাদের লোডশেডিং আরো কমে আসবে।