প্রতি মাসেই আপনার কার্ডের অর্থ পরিশোধ করুন। সুদ এড়াতে প্রতি মাসেই নির্ধারিত সময়ের মধ্যে আপনার ক্রেডিট কার্ডের মাধ্যমে খরচ করা অর্থ পরিশোধ করে দিন। এতে কোনো ধরনের সুদ ছাড়াই আপনি ক্রেডিট কার্ডের পুরো সুবিধা উপভোগ করতে পারবেন।
ইচ্ছা অনুসারে নয় বরং প্রয়োজনের ভিত্তিতে ক্রেডিট কার্ড ব্যবহার করুন। সতর্কতার সঙ্গে কার্ডের অর্থ খরচ করুন। ইচ্ছামাফিক ব্যবহার আপনাকে ঋণের ফাঁদে ফেলতে পারে। জরুরি পরিস্থিতি কিংবা প্রয়োজনে ক্রেডিট কার্ডের অর্থ ব্যয় করুন। এতে আপনার প্রয়োজনও মিটবে সেই সঙ্গে বাড়তি ঋণের ফাঁদেও পড়বেন না।
কখনই বিল পরিশোধ এড়িয়ে যাবেন না। প্রতি মাসেই আপনার ক্রেডিট কার্ডের পুরো বিল পরিশোধ করে দিন। পুরো বিল পরিশোধ করা সম্ভব না হলে অন্তত ন্যূনতম বিল হলেও পরিশোধ করুন। বিল পরিশোধ না করলে বিলম্ব ফি, জরিমানা সুদ গোনার পাশাপাশি আপনার ক্রেডিট স্কোরেও নেতিবাচক প্রভাব পড়বে।
বাজেট সহায়ক টুল হিসেবেও ব্যবহার করতে পারেন ক্রেডিট কার্ড। আপনি যদি দায়িত্বশীলভাবে ক্রেডিট কার্ড ব্যবহারে আত্মবিশ্বাসী হন এবং প্রতি মাসেই নিয়মিত বিল পরিশোধ করেন, তাহলে আপনি এটিকে বাজেট সহায়ক টুল হিসেবেও ব্যবহার করতে পারেন। সব ধরনের কেনাকাটা ক্রেডিট কার্ডের মাধ্যমে করার পর আপনি মাস শেষে দেখতে পারেন আপনরা কত টাকা খরচ হলো। অবশ্যই এক্ষেত্রে মাস শেষে আপনার বিল পরিশোধের সক্ষমতা থাকতে হবে। এক্ষেত্রে ক্রেডিট কার্ডের ব্যয় যাতে নিয়ন্ত্রণের বাইরে না যায়, সেজন্য এক মাস চলার জন্য আপনার ব্যাংক হিসাবে যে পরিমাণ অর্থ আছে তার চেয়ে বেশি খরচ করবেন না।
ক্রেডিট কার্ডের রিওয়ার্ড পয়েন্টের সুবিধা নেয়ার চেষ্টা করুন। রিওয়ার্ড পয়েন্ট পাওয়া যায় এমন ক্রেডিট কার্ড বাছাই করুন। নিয়মিত বিল পরিশোধের মাধ্যমে একদিকে আপনি সুদ ছাড়াই কার্ডের সুবিধা নিতে পারছেন, অন্যদিকে রিওয়ার্ড পয়েন্টের মাধ্যমে আপনি বাড়তি সুবিধা পাবেন।
ক্রেডিট লিমিটেডের ৩০ শতাংশের মধ্যে ব্যয় সীমাবদ্ধ রাখুন। অতিরিক্ত ব্যয় নিয়ন্ত্রণে এবং ঋণের ফাঁদ এড়াতে আপনার ক্রেডিট কার্ডের লিমিটের ৩০ শতাংশ পর্যন্ত ব্যয় করুন। উদাহরণ স্বরূপ আপনার লিমিট ১ লাখ টাকা হলে আপনি সর্বোচ্চ ৩০ হাজার টাকা পর্যন্ত ব্যয় করুন। এতে আপনার ক্রেডিট স্কোরও ভালো থাকবে।
বিল পরিশোধের ক্ষেত্রে শেষ তারিখের জন্য অপেক্ষা করবেন না। ক্রেডিট কার্ডের ক্ষেত্রে বিল পরিশোধের জন্য সর্বোচ্চ ৪৫ দিন পর্যন্ত সুদবিহীন সুবিধা পাওয়া যায়। তবে বিল পরিশোধের জন্য শেষ তারিখ পর্যন্ত অপেক্ষা করবেন না। হয়তো জরুরি কোনো কাজ কিংবা ভুলে যাওয়ার কারণে আপনি বিল পরিশোধ করতে পারলেন না। তাতে আপনাকে বাড়তি অর্থ গুনতে হবে। সম্ভব হলে মাঝামাঝি সময়ের মধ্যে আপনার বিল পরিশোধ করে দিন। এতে আপনার ক্রেডিট স্কোরও ইতিবাচক থাকবে।
বিভিন্ন ফি ও চার্জের বিষয়ে আপ টু ডেট থাকুন। ক্রেডিট কার্ড ব্যবহারের ক্ষেত্রে বিভিন্ন ফি ও চার্জ রয়েছে। আপনার চাহিদা ও প্রয়োজন অনুসারে ফি ও চার্জের বিষয়ে খোঁজখবর নিয়ে আপনার জন্য সঠিক কার্ডটি বাছাই করুন। তাছাড়া সময়ে সময়ে ফি ও চার্জের হার পরিবর্তন হয়। সেগুলোর বিষয়েও নিজেকে আপ টু ডেট থাকুন। এর মাধ্যমে আপনি ক্রেডিট কার্ড থেকে সর্বোচ্চ সুবিধা আদায় করতে পারবেন এবং পাশাপাশি অপ্রয়োজনীয় ফি ও চার্জ এড়াতে সক্ষম হবেন।
বড় অংকের অর্থ ব্যয়ের ক্ষেত্রে কিস্তিতে বিল পরিশোধের সুবিধা রয়েছে কিনা জেনে নিন।
অনেক সময় ক্রেডিট কার্ড থেকে বড় অংকের অর্থ ব্যয়ের প্রয়োজন হতে পারে। সেক্ষেত্রে কিস্তিতে এ অর্থ পরিশোধের সুযোগ রয়েছে কিনা সেটি জেনে নিন। এতে আপনার ওপর থেকে বড় অংকের অর্থ পরিশোধের চাপ দূর হবে। সেই সঙ্গে খেলাপি হওয়ার ঝুঁকিও কমে যাবে।