শুল্ক বৃদ্ধি প্রস্তাবের প্রতিবাদে রংপুরে বিড়ি শ্রমিকদের মানববন্ধন

বিড়িতে শুল্ক বৃদ্ধি প্রস্তাবের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে রংপুর অঞ্চল বিড়ি শ্রমিক ইউনিয়ন।

বিড়িতে শুল্ক বৃদ্ধি প্রস্তাবের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে রংপুর অঞ্চল বিড়ি শ্রমিক ইউনিয়ন। বুধবার রংপুর চেম্বার অব কমার্স ভবনের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা। পরে চেম্বার সভাপতি মোস্তফা সোহরাব চৌধুরী টিটু বরাবর পাঁচ দফা দাবি সংবলিত স্মারকলিপি দেন শ্রমিকরা।

শ্রমিকদের দাবিগুলো হলো আগামী বাজেটে বিড়ির শুল্ক ২ টাকা কমানো, যাচাই-বাছাই ব্যতিরেকে লাইসেন্সসহ নকল বিড়ি বন্ধ, বিড়ি ও সিগারেটের অগ্রিম আয়করের বৈষম্য দূর করা, নিম্নস্তরের সিগারেটের মূল্য ৪০ টাকা থেকে ৫০ টাকা বৃদ্ধি করা এবং বিদেশী সিগারেট কোম্পানির আগ্রাসন বন্ধ করা।

বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশনের যুগ্ম সম্পাদক হারিক হোসেনের সঞ্চালনায় মানববন্ধনে সভাপতিত্ব করেন বৃহত্তর রংপুর অঞ্চল বিড়ি শ্রমিক ইউনিয়নের সভাপতি আমিন উদ্দিন বিএসসি। বক্তব্য দেন বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক আব্দুল গফুর, প্রচার সম্পাদক শামীম ইসলাম, সহসাংগঠনিক সম্পাদক আবুল হাসনাত লাভলু, কার্যকরী সদস্য আনোয়ার হোসেন প্রমুখ। 

মানববন্ধনে বক্তারা বলেন, ‘দেশের প্রাচীন শ্রমঘন বিড়ি শিল্পে সমাজের অসহায়, সুবিধাবঞ্চিত লাখ লাখ শ্রমিক কাজ করে জীবিকা নির্বাহ করে। অসহায় শ্রমিকদের কথা বিবেচনা করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিড়ি শিল্পকে শুল্কমুক্ত ঘোষণা করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় সংসদে বাজেট বক্তৃতায় বিড়িতে শুল্ক কমিয়ে সিগারেটে শুল্ক বৃদ্ধির নির্দেশনা দেন। কিন্তু বিদেশী সিগারেট কোম্পানির ষড়যন্ত্রে বিড়ির ওপর মাত্রাতিরিক্ত করের বোঝা চাপিয়ে দেয়া হচ্ছে।’

আরও