পাঁচ সদস্য নিয়ে ২০১৮ সালে যাত্রা শুরু করে সোনার বাংলা সার্কাস ব্যান্ডটি। দেশের নানা প্রান্তে স্টেজ পারফরম্যান্স করে এরই মাঝে জনপ্রিয়তা পেয়েছে দলটি। তবে এবারই প্রথম কলকাতা গেছে মঞ্চ মাতাতে। সোনার বাংলা সার্কাস ১৮ ফেব্রুয়ারি থেকে ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত কলকাতার পাঁচটি মঞ্চে গাইবে। শনিবার এটি কলকাতার প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ মাতিয়েছে। কনসার্টটি আয়োজন হয়েছিল ক্যান্সারে আক্রান্ত তাপস দাসের জন্য, যিনি বিখ্যাত ব্যান্ড মহীনের ঘোড়াগুলোর প্রতিষ্ঠাকালীন সদস্য। আশির দশকের জনপ্রিয় ব্যান্ড ‘নগর ফিলোমেল’ও অংশ নেয় এ কনসার্টে। এছাড়া থাকছে অনিন্দ্য, উপল, আব্রাহাম মজুমদার, প্রদীপ চট্টোপাধ্যায়, পরশপাথর, সিধু, ইন্দ্রজিৎ সেন, প্রবুদ্ধ ব্যানার্জী, রূপঙ্কর, বর্ণ অনন্য, মহীন এখন ও বন্ধুরা। দেবদীপও অংশ নেন এ আয়োজনে।
সোনার বাংলা সার্কাস ব্যান্ডের ব্যবস্থাপক গৌতম কে শুভ জানান, এরপর দলটি চলে যায় কলকাতার সল্টলেক স্টেডিয়ামের ৩ নম্বর গেটের ‘দ্য স্ট্যাডেল’-এ আয়োজিত দুই দিনব্যাপী ‘ক্যালবাঙ্কা ফেস্ট’-এ অংশ নিতে। আজ হোয়াটস আপ ক্যাফেতে লাইভ মাতাবে ব্যান্ড দলটি। দুদিন বিরতি নিয়ে আবার ২৪ ফেব্রুয়ারি কলকাতার স্কিনি মোজ জ্যাজ ক্লাবে পারফর্ম করবে বাংলাদেশের এ ব্যান্ড। সব শেষে ২৫ ফেব্রুয়ারি কলকাতার বরানগরের রবীন্দ্রভবনে গাইবে ঢাকার সোনার বাংলা সার্কাস।