বন বিভাগের টহল ফাঁড়ির আঙিনায় জোড়া বাঘ

বনরক্ষীদের শ্বাসরুদ্ধকর সময় পার

সুন্দরবনে দুটি বাঘের কবলে পড়ে অবরুদ্ধ অবস্থায় শ্বাসরুদ্ধকর সময় পার করেছেন পাঁচ বনরক্ষী।

সুন্দরবনে দুটি বাঘের কবলে পড়ে অবরুদ্ধ অবস্থায় শ্বাসরুদ্ধকর সময় পার করেছেন পাঁচ বনরক্ষী। টহল ফাঁড়ির আঙিনায় টানা ২০ ঘণ্টা অবস্থান করে গতকাল বেলা ১১টায় গভীর জঙ্গলে ফিরে গেছে দুটি রয়েল বেঙ্গল টাইগার। সুন্দরবনের শরণখোলা রেঞ্জের চান্দেশ্বর টহল ফাঁড়িতে এ ঘটনা ঘটে।

পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের চান্দেশ্বর ফরেস্ট টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ ফারুক আহমেদ বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, শুক্রবার বেলা ২টার দিকে গহিন জঙ্গল থেকে দুটি বাঘ চান্দেশ্বর টহল ফাঁড়ির পুকুর পাড়ে আসে। বাঘ দুটি পুকুরের পানি পান করে এবং সেখানে নিজেদের মধ্যে খুনসুটি, ছোটাছুটি করে পুরো বিকাল পার করে। সন্ধ্যার পর বাঘ দুটি বনরক্ষীদের পুরোনো ব্যারাক ও রান্নাঘরে অবস্থান করে। গতকাল ভোরে আবার পুকুরপাড়ে অবস্থান নেয়। পরে বেলা ১১টার দিকে তারা স্বেচ্ছায় বনের গহিনে চলে যায়।

বন কর্মকর্তা ফারুক বলেন, ‘‌টহল ফাঁড়ির আঙিনায় বাঘ দুটি আসায় বনরক্ষীরা পুরো সময় আতঙ্কে কাটিয়েছেন। শ্বাসরুদ্ধকর একটা রাত পার করেছেন তারা। কখন কী হয়, এ চিন্তায় তারা বাইরে বের হওয়ার সাহস করেননি।’

শরণখোলা রেঞ্জ কর্মকর্তা সামসুল আরেফীন জানান, এ সময়টা বাঘের প্রজননকাল। তাই সঙ্গীসহ বাঘগুলো নিজস্ব প্রকৃতিতে চলাচল করছে। তাদের কোনো ক্ষতি না করতে বনরক্ষীদের নির্দেশনা দেয়া হয়েছে।

আরও