টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে সকলের সম্পৃক্ততা প্রয়োজন বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম। তিনি বলেছেন, প্রত্যেকের সক্রিয় অংশগ্রহণ এসডিজি অর্জন ত্বরান্বিত করবে। তাই সরকার সকল শ্রেণী-পেশার মানুষকে অন্তর্ভুক্ত করতে চায়।
আজ শনিবার (৩ ডিসেম্বর) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম বাংলাদেশ আয়োজিত ‘জন শুনানি, জাতীয় উন্নয়ন এবং স্থানীয় বাস্তবতা’ শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন মন্ত্রী।
মন্ত্রী জানান, দারিদ্র্য বিমোচন, স্বাস্থ্য, শিক্ষাসহ সকল ক্ষেত্রে স্থায়ী উন্নয়ন করতে আমাদের দীর্ঘ মেয়াদে ধাপে ধাপে এগোতে হবে। ১৯৯৬ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতি ৬ হাজার মানুষের জন্য কমিউনিটি হাসপাতাল গড়ে তোলেন। প্রত্যন্ত অঞ্চলে প্রাথমিক চিকিৎসার জন্য কমিউনিটি হাসপাতাল কাজ করছে।
দেশে দুর্নীতি, সন্ত্রাসসহ বিভিন্ন সমস্যার শতভাগ সমাধান হয়নি স্বীকার করে মন্ত্রী বলেন, তা সত্ত্বেও বর্তমান সরকারের অনেক অর্জন রয়েছে। সমালোচনার সুযোগ থাকলেও এ সরকারের অভূতপূর্ব উন্নয়ন অস্বীকার করা উচিত নয়।
তিনি আরো বলেন, যোগাযোগ ব্যবস্থা অর্থনৈতিক উন্নয়নের পূর্বশর্ত। ভৌত অবকাঠামোর পাশাপাশি তথ্যপ্রযুক্তির উন্নয়ন তথা ডিজিটাল বাংলাদেশ করা হয়েছে। শতভাগ বিদ্যুৎ এ সুবিধা সকল নাগরিকের কাছে পৌঁছেছে। এখনো আমাদের উৎপাদনের ১ শতাংশও কয়লা ভিত্তিক না। মিশ্র জ্বালানি না হলে ভবিষ্যতে যেকোনো প্রতিকূলতা মোকাবেলা করা সম্ভব নয়। তাই নিউক্লিয়ার, কয়লা, তরল জ্বালানি গ্যাস ও আমদানিকৃত গ্যাসে বিদুৎ উৎপাদনের ব্যবস্থা করা হয়।
বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সংসদ সদস্য আসাদুজ্জামান নূর ও সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা এবং সভাপতিত্ব করেন সেন্টার ফর পলিসি ডায়লগের (সিপিডি) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অধ্যাপক রেহমান সোবহান।