নারীর প্রতি সহিংসতার জরিপ বিশ্লেষণ করে তাদের শিক্ষা, সামাজিক ও অর্থনৈতিক অবস্থার উন্নতির জন্য পদক্ষেপ নিতে হবে। একটি সফল জরিপ একাধিক কারণের ওপর নির্ভর করে। যেখানে সহিংসতা হয়েছে, সেখান থেকে তথ্য সংগ্রহ করতে হবে এবং সেখানে প্রশাসনের ভূমিকা কী ছিল এ তথ্যও সংগ্রহ করতে হবে। জরিপে অর্থনৈতিক অবস্থা অন্তর্ভুক্ত করা উচিত। গতকাল রাজধানীর ইস্কাটনে বিজনেস স্ট্যান্ডার্ডের (টিবিএস) সম্মেলন কক্ষে টিবিএসের সহযোগিতায় পিপিআরসি ও ইউএনএফপিএর উদ্যোগে ‘আর এক্সিস্টিং জিবিভি ইন্ডিকেটরস সাফিশিয়েন্ট’ শীর্ষক গোলটেবিল বৈঠকে এসব কথা বলেন বক্তারা।
অনুষ্ঠানে উন্মুক্ত আলোচনা সভা পরিচালনা করেন ব্র্যাকের চেয়ারম্যান ও পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টারের (পিপিআরসি) নির্বাহী চেয়ারম্যান হোসেন জিল্লুর রহমান এবং স্বাগত বক্তব্য দেন দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের সম্পাদক ইনাম আহমেদ। ভিএডব্লিউর জরিপ পদ্ধতি উপস্থাপন করেন মোহাম্মদ আব্দুল ওয়াজেদ।
এছাড়া বিবিএস, ইউএনএফপিএর জনসংখ্যা, পরিকল্পনা এবং গবেষণা প্রধান শহিদুল ইসলাম, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) ডেমোগ্রাফি অ্যান্ড হেলথ উইংয়ের ডেপুটি ডিরেক্টর আসমা আক্তার ও বিবিএসের সাবেক মহাপরিচালক মোহাম্মদ আবদুল ওয়াজেদ উপস্থিত ছিলেন।
হোসেন জিল্লুর রহমান বলেন, বাংলাদেশে আমাদের ডাটার অভাব নেই। কিন্তু এখানে সমস্যা হলো ডাটা বিশ্লেষণ করে কেউ সমস্যার সমাধান বের করে না। যদি আমরা তা করতে পারতাম তাহলে পরবর্তী সমীক্ষায় অনেক পরিবর্তন দেখা যেত।
টিবিএস সম্পাদক ইনাম আহমেদ বলেন, নারীর প্রতি সহিংসতার মূল কারণ খুঁজে বের করতে হবে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ্যে অশোভন আচরণকারীদের প্রকাশ্যে আনা উচিত।