স্মার্টফোন ও পিসির চিপস্বল্পতা কমলেও গাড়ির সংকট কাটেনি

সেমিকন্ডাক্টর স্বল্পতার কারণে গত কয়েক মাসে ধুঁকছে শিল্পোৎপাদন খাত। সম্প্রতি স্মার্টফোন ও ব্যক্তিগত কম্পিউটার খাতে চিপস্বল্পতা প্রশমিত হলেও গাড়ি নির্মাতাদের জন্য এখনো উদ্বেগের কারণ হিসেবে রয়ে গিয়েছে। সম্প্রতি নিক্কেই এশিয়ার এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

সেমিকন্ডাক্টর স্বল্পতার কারণে গত কয়েক মাসে ধুঁকছে শিল্পোৎপাদন খাত। সম্প্রতি স্মার্টফোন ও ব্যক্তিগত কম্পিউটার খাতে চিপস্বল্পতা প্রশমিত হলেও গাড়ি নির্মাতাদের জন্য এখনো উদ্বেগের কারণ হিসেবে রয়ে গিয়েছে। সম্প্রতি নিক্কেই এশিয়ার এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

পিসি চিপের চাহিদা কমার কারণে দ্বিতীয় প্রান্তিকে আয় কমেছে মার্কিন চিপ নির্মাতা ইন্টেলের। বলা যায়, ২০১৭ সালের পর নিট লোকসান গুনেছে কোম্পানিটি।

বিশ্লেষকরা বলছেন, দীর্ঘদিন সেমিকন্ডাক্টর শিল্প সরবরাহ চেইন সংকটের মধ্য দিয়ে গিয়েছে। সাম্প্রতিক বছরগুলোয় এর উৎপাদন যেমন চূড়ায় পৌঁছেছে তেমনি বিভিন্ন সংকটের কারণে চাহিদামাফিক উৎপাদন করা কঠিন ঠেকেছে। সেমিকন্ডাক্টর শিল্পে অস্থিরতার প্রভাব পড়েছে স্মার্টফোন, ব্যক্তিগত কম্পিউটার খাতে। সাম্প্রতিক মূল্যস্ফীতিতে বিশ্বব্যাপীই ভোক্তা ব্যয় কমেছে। ক্যানালিসের উপাত্তে দেখা গিয়েছে, এপ্রিল-জুন প্রান্তিকে বৈশ্বিক স্মার্টফোন বিক্রি ৯ শতাংশ কমেছে। অন্যদিকে ইন্টারন্যাশনাল ডাটা করপোরেশনের (আইডিসি) উপাত্তে দেখা গিয়েছে, দ্বিতীয় প্রান্তিকে বৈশ্বিক পিসি বিক্রি ১৫ শতাংশ কমেছে।

এদিকে যুক্তরাষ্ট্রভিত্তিক বাজার বিশ্লেষক প্রতিষ্ঠান গার্টনার গত জুলাইয়ে এক পূর্বাভাসে জানায়, সেমিকন্ডাক্টর খাতের বৈশ্বিক আয় প্রবৃদ্ধি হবে ৭ দশমিক ৪ শতাংশ। আগের পূর্বাভাসে ১৩ দশমিক ৬ শতাংশ প্রবৃদ্ধির পূর্বাভাস দেয়া হয়েছিল। তবে বেশ আশাবাদী ছিল শীর্ষ নির্মাতা কোম্পানি টিএসএমসি। তৃতীয় প্রান্তিকে ৩০ শতাংশ প্রবৃদ্ধির আশা করছে তাইওয়ানভিত্তিক সেমিকন্ডাক্টর জায়ান্টটি। কিন্তু বিশ্বমঞ্চে অনাকাঙ্ক্ষিত পটপরিবর্তনে যে বিশ্ব অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়ে ইউক্রেন যুদ্ধ তার স্পষ্ট উদাহরণ। এদিকে যুক্তরাষ্ট্রের হাউজ স্পিকার ন্যান্সি পেলোসির তাইওয়ান সফরকে কেন্দ্র করে ওয়াশিংটন-বেইজিং উত্তেজনায় নতুন রূপ পেয়েছে। এতে গতকাল টিএসএমসির শেয়ারদর ২ দশমিক ৯৮ শতাংশ কমেছে।

পিসি ও স্মার্টফোনের মতো ভোক্তা ইলেকট্রনিকস খাতের ওপর একসময় বড় আকারে নির্ভরশীল ছিল সেমিকন্ডাক্টর শিল্প। এখনো এ খাত অনেক গুরুত্বপূর্ণ থাকলেও গাড়ি ও সার্ভারের মতো খাত থেকে চিপের চাহিদা বাড়ছে।

সম্প্রতি সেমিকন্ডাক্টর শিল্পের অভিমুখ নিয়ে ছয় বিশ্লেষকের লেখা এক বিশ্লেষণে বলা হয়, স্মার্টফোন ও পিসি খাতে অতিরিক্ত চিপ সরবরাহ রয়েছে। কিন্তু গৃহস্থালি পণ্য ও গাড়িতে চাহিদামাফিক চিপের জোগান দেয়া যাচ্ছে না। চলতি বছরের শেষ নাগাদও গাড়ি শিল্পে এ চিপস্বল্পতা বহাল থাকবে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। এ কারণে আগস্টে আগের পূর্বাভাসের চেয়ে ২০ শতাংশ কম গাড়ি উৎপাদনের প্রাক্কলন টয়োটা মোটরের।

ফিনল্যান্ডভিত্তিক টেলিকম যন্ত্রাংশ নির্মাতা কোম্পানি নকিয়া জানায়, চলতি বছরের শেষের দিকে বৈশ্বিক সেমিকন্ডাক্টর স্বল্পতা প্রশমিত হবে। সম্প্রতি প্রকাশিত আয়-ব্যয়ের উপাত্তে দেখা গিয়েছে, দ্বিতীয় প্রান্তিকে প্রত্যাশার চেয়ে অধিক পরিচালন মুনাফা করেছে তারা।

নকিয়ার সিইও পেক্কা লুন্ডমার্ক বলেন, সেমিকন্ডাক্টর শিল্পের সার্বিক গতিবিধি এ মুহূর্তে ইতিবাচক মনে হচ্ছে। তবে দ্বিতীয় প্রান্তিকে আমরা স্বল্পতার মুখোমুখি হয়েছি।

চিপস্বল্পতা প্রশমনের ফলে সরবরাহ চেইন ঝুঁকি কেটে যাবে এবং নির্মাণ ব্যয় কমে যাবে বলে আশাবাদ ফক্সওয়াগনের। জার্মান গাড়ি নির্মাতা জায়ান্টটি গত মাসে এক প্রাক্কলনে জানায়, দ্বিতীয়ার্ধে বেশ ভালো অবস্থান থাকবে তাদের, এছাড়া বিদ্যুচ্চালিত গাড়িতে (ইভি) টেসলার সঙ্গে ব্যবধান কমিয়ে আনতে সক্ষম হবে তারা।

নর্ড স্ট্রিম-১ পাইপলাইনে রাশিয়া থেকে ইউরোপে গ্যাস সরবরাহ শুরুর ঘটনা বেশ ইতিবাচক হিসেবে দেখা দিয়েছে। যদিও গ্যাস সরবরাহ পাইপলাইনের সক্ষমতার চেয়ে অনেক কম, তবু তা বাজারে ইতিবাচক সংকেত দিচ্ছে। তবে চিপস্বল্পতা ও সরবরাহ চেইন সংকটের কারণে এরই মধ্যে যারা পিছিয়ে গিয়েছে, তাদের ঘুরে দাঁড়াতে কিছু সময় লাগবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

আরও