‘নয়া নয়া ফুল’ নিয়ে আসছেন লাকী আক্তার

গণজাগরণ মঞ্চের ‘স্লোগান কন্যা’ খ্যাত লাকী আক্তার গত জুলাইয়ে তার কণ্ঠে ‘গাছেদের কান্না’ শিরোনামের একটি গান নিয়ে হাজির হয়েছিলেন। এবার ‘নয়া নয়া ফুল’ নামের তার দ্বিতীয় একক গান নিয়ে আসছেন তিনি।

গণজাগরণ মঞ্চের স্লোগান কন্যা খ্যাত লাকী আক্তার গত জুলাইয়ে তার কণ্ঠে গাছেদের কান্না শিরোনামের একটি গান নিয়ে হাজির হয়েছিলেন। এবার নয়া নয়া ফুল নামের তার দ্বিতীয় একক গান নিয়ে আসছেন তিনি। ৩০ ডিসেম্বর রাত ৮টায় লাকীর ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে গানটি। গানের কথা সুর লাকীর নিজেরই।

গান প্রসঙ্গে লাকী আক্তার বলেন, ২০১৮ সালের ১৭ মে আমি গানটি লিখি এবং সুর করি। এটি একটি নিখাদ প্রেমের গান। ক্যাম্পাসে গানের আড্ডায়, বন্ধুদের সঙ্গে ঘরোয়া আয়োজনে আমি বহুবার গান গেয়েছি। তখন থেকেই বন্ধু-শুভাকাঙ্ক্ষীরা আমাকে গানটি আনুষ্ঠানিকভাবে প্রকাশের জন্য উৎসাহ জুগিয়ে আসছেন। শ্রোতাদের কাছে গানটি জনপ্রিয়তা পাবে বলে লাকীসহ গানের সঙ্গে যুক্ত কলাকুশলীদের বিশ্বাস।

লাকী জানিয়েছেন, ২০১৮ সালে গানটি লেখা হলেও এর সংগীতায়োজন শেষ হয় চলতি বছরের জুনে। দুজন তরুণ সংগীত পরিচালক অভিজিৎ কুণ্ডু অভি চৌধুরী পার্থ যৌথভাবে সংগীতায়োজন করেছেন। গানের ভিডিও ধারণ করা হয় চাঁপাইনবাবগঞ্জের আলপনা গ্রামখ্যাত টিকইলে। অক্টোবরের শেষ সপ্তাহে শুটিং শেষ হয়।

গায়িকা লাকী আক্তার মনে করেন, করোনা মহামারীর নতুন আতঙ্কের মধ্যেই দরজায় কড়া নাড়ছে নতুন বছর। চারদিকে নানা বিষাদের মাঝে নয়া নয়া ফুল সবার জন্য কিছুটা বিনোদন জোগাতে পারবে বলে গানসংশ্লিষ্টদের আশা।

এর আগে চলতি বছরের ২৯ জুলাই পাভেল পার্থের কথা নিজের সুরে গাছেদের কান্না শিরোনামে লাকী আক্তারের প্রথম গান ইউটিউবে প্রকাশ হয়।

আরও