স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বীর মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান। তাদের কল্যাণে স্বাধীন হয়েছে এ দেশ। তাই বর্তমান সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বীর মুক্তিযোদ্ধাদের জন্য কাজ করে যাচ্ছে। সর্বক্ষেত্রে তাদের সম্মান নিশ্চিত করা হচ্ছে।
গতকাল কক্সবাজার শহরের বাহারছড়া গোলচত্বর মাঠে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় ও কক্সবাজার জেলা প্রশাসন আয়োজিত আঞ্চলিক মুক্তিযোদ্ধা সমাবেশ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশ এগিয়ে চলছে। সরকার মুক্তিযোদ্ধাদের সুযোগ-সুবিধা ক্রমে বাড়িয়ে চলছে। শুধু জীবদ্দশায় নয়, একজন মুক্তিযোদ্ধাকে মৃত্যুর পরও তাদের যথাযোগ্য সম্মান দেয়া হচ্ছে।
এ সময় মন্ত্রী কক্সবাজার বাহারছড়ার গোলচত্বর মাঠটি মুক্তিযোদ্ধা মাঠ হিসেবে ঘোষণা দেন।
এর আগে অনুষ্ঠানে দেশ মাতৃকা রক্ষায় অনুষ্ঠানে উপস্থিত মুক্তিযোদ্ধাসহ সবাইকে শপথবাক্য পাঠ করান স্বরাষ্ট্রমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান খান কামাল। সন্ধ্যায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সাইকেল র্যালির সমাপনী অনুষ্ঠানে যোগ দেন তিনি।