পাকিস্তান-অস্ট্রেলিয়া সেমিফাইনাল কাল

সপ্তম আইসিসি টি২০ বিশ্বকাপে আগামীকাল বৃহস্পতিবার দ্বিতীয় সেমিফাইনালে লড়বে পাকিস্তান ও অস্ট্রেলিয়া। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়।

সপ্তম আইসিসি টি২০ বিশ্বকাপে আগামীকাল বৃহস্পতিবার দ্বিতীয় সেমিফাইনালে লড়বে পাকিস্তান ও অস্ট্রেলিয়া। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়।

‘গ্রুপ-১’ রানার্সআপ হয়ে সেমিফাইনালে উঠেছে অস্ট্রেলিয়া, আর ‘গ্রুপ-২’ থেকে অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে শেষ চারের টিকিট পেয়েছে পাকিস্তান। দুই দলই অনবদ্য ফর্মে থাকায় কাল দুবাইয়ে হতে পারে রোমাঞ্চকর এক দ্বৈরথ।   

শীর্ষ খেলোয়াড়দের পাওয়া নিয়ে অনিশ্চয়তা, টানা পাঁচটি সিরিজে পরাজয়, অধিনায়কের ইনজুরি, কোচের ওপর পাহাড়সম চাপ, দলের ভারসাম্য নিয়ে প্রশ্ন, তারকা খেলোয়াড়দের ফর্মহীনতা এবং গ্রুপ পর্বে ইংল্যান্ডের কাছে বড় হার—এতকিছুর পরও ধীরে ধীরে নিজেদের ফিরে পেয়েছে অস্ট্রেলিয়া। বিশ্বকাপের চিরায়ত ফেভারিট অজিরা এবার টি২০ বিশ্বকাপেরও অন্যতম ফেভারিট হিসেবে উঠে এসেছে সেমিফাইনালে। কাল তাদের সামনে এবারের আসরের সবচেয়ে আলোচিত, এখন পর্যন্ত একমাত্র অপরাজিত দল পাকিস্তান। এই হার্ডলটি পার হতে পারলে শিরোপার সবচেয়ে বড় দাবিদার হয়ে উঠবে অ্যারন ফিঞ্চের দল।

দক্ষিণ আফ্রিকা ও শ্রীলংকার বিপক্ষে টানা জয় তুলে নেয়ার পর ইংল্যান্ডের কাছে ধরাশায়ী হয় অজিরা। এরপর বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজকে গুঁড়িয়ে দিয়ে ফিঞ্চের দল উঠে যায় সেমিফাইনালে। যদিও শেষ মুহূর্তের নাটকীয়তায় দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে তাদের সাহায্য করেছে ইংল্যান্ড! 

টুর্নামেন্টের একমাত্র অপরাজিত দলের মুখোমুখি হওয়ার আগে নিজেদের ফিরে আসা নিয়ে ফিঞ্চ বললেন, আসলে সবকিছু কতটা দ্রুত বদলে যায়। ১০ দিন আগেও আমরা ছিলাম বৃদ্ধদের নিয়ে গড়া একটি দল, আর এখন আমরা অভিজ্ঞ দল। দেখুন, প্রথম দিন থেকেই এই দলটি নিয়ে আমার আস্থা ছিল। আমরা নিজেদের প্রত্যাশাকে ছাড়িয়ে যাইনি। আমরা টুর্নামেন্ট জয়ের পরিকল্পনা নিয়েই কিন্তু এখানে এসেছি এবং আমরা এখনো টিকে আছি।

আত্মবিশ্বাসী ফিঞ্চ ও তার দল কাল আরেক অপ্রতিরোধ্য ক্রিকেটারদের মুখোমুখি। বাবর আজমের দল নিজেদের প্রথম ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে ১০ উইকেটে উড়িয়ে দিয়ে স্বপ্নযাত্রার সূচনা করে। এই হারে পাকিস্তানি ক্রিকেটারদের আত্মবিশ্বাসের পারদটা উর্ধ্বগামী হয়েছে, আর বিরাট কোহলির ভারত নেমে যায় আত্মবিশ্বাসের তলানিতে, অবশেষে গ্রুপ পর্ব থেকে বিদায়ও নেয় ভারত। 

বাবর আজমরা এরপর নিউজিল্যান্ড, আফগানিস্তান, নামিবিয়া ও স্কটল্যান্ডকে হারিয়ে অপরাজিত গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে উঠে যায় সেমিফাইনালে। 

৫ ইনিংসে ৪ হাফসেঞ্চুরিসহ ২৬৪ রান নিয়ে আজ বুধবার পর্যন্ত ব্যাটিং চার্টের শীর্ষে ছিলেন পাকিস্তান দলনায়ক। যদিও আজ ২৯ রান করে বাবরকে টপকে গেছেন ইংলিশ ওপেনার জস বাটলার। অনবদ্য ফর্মে থাকা বাবরের ব্যাট জ্তলে প্রতিটি ম্যাচেই। কালও অজিদের জন্য হুমকি হয়ে উঠতে পারেন তিনি। ওপেনিংয়ে তার পার্টনার মোহাম্মদ রিজওয়ানও চলতি বছর ঈর্ষণীয় ফর্মে রয়েছে। ২১৪ রান করে চলতি টুর্নামেন্টে ষষ্ঠ স্থানে আছেন। মিডল অর্ডারে দলের জ্যেষ্ঠ সদস্য শোয়েব মালিক ও মোহাম্মদ হাফিজের ঝড়ো ব্যাটিং পাকিস্তানের আত্মবিশ্বাস বাড়াচ্ছে। 

পাকিস্তানের ভাবনার বিষয় হতে পারে বোলিং। চলতি টুর্নামেন্টে উইকেট শিকারিদের চার্টে প্রথম ১৩ জনের মধ্যে পাকিস্তানের কেউ নেই। ৫ ম্যাচে ৮ উইকেট নিয়ে ১৪ নম্বরে হারিস রউফ। আর ভারতকে হারিয়ে দেয়ার নায়ক শাহিন শাহ আফ্রিদি ৫ ম্যাচে ৬ উইকেট নিয়ে রয়েছেন তালিকার ৩৫ নম্বরে! ফর্মে ফেরা অজি তারকা ডেভিড ওয়ার্নারের ব্যাটে ঝড় উঠলে তাই কল্পনার সুখরাজ্য থেকে ছিটকেও যেতে পারে বাবর আজম ও তার সহযোদ্ধারা। 

আরও