গ্রুপ-২ থেকে পাকিস্তান আগেই টি২০ বিশ্বকাপের সেমিফাইনাল নিশ্চিত করেছে। এই গ্রুপ থেকে শেষ চারে তাদের সঙ্গে যোগ দেবে আরো একটি দল। সে দলটি কি নিউজিল্যান্ড, ভারত না আফগানিস্তান? শেষ চারে জায়গা করার দৌড়ে তিনটি দলই টিকে আছে। আজ সুপার টুয়েলভে নিজেদের শেষ ম্যাচে সেমির হিসাব মেলাতে মুখোমুখি হচ্ছে নিউজিল্যান্ড ও আফগানিস্তান। এ ম্যাচে কিউইরা জিতলে সরাসরি উঠে যাবে সেমিফাইনালে।
আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকাল ৪টায় শুরু হবে ম্যাচটি। আজ শারজায় আরেক ম্যাচে রাত ৮টায় স্কটল্যান্ডের বিপক্ষে খেলবে আগেই সেমিফাইনাল নিশ্চিত করা পাকিস্তান। গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার জন্য বাবর আজমদের কাছে ম্যাচটি গুরুত্বপূর্ণ।
গ্রুপ-২ এ প্রত্যেকটি দল চারটি করে ম্যাচ খেলেছে। সবক’টিতে জয় তুলে ৮ পয়েন্ট নিয়ে পাকিস্তান রয়েছে গ্রুপের শীর্ষে। তাদের নেট রান রেট ১.০৬৫। তিনটিতে জয় ও এক ম্যাচ হেরে নিউজিল্যান্ড ৬ পয়েন্ট নিয়ে দুইয়ে। কিউইদের নেট রান রেট ১.২৭৭।