মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নবনিযুক্ত সচিব মো. সায়েদুল ইসলাম গত ২৮ ফেব্রুয়ারি বিকালে যোগদান করেছেন। তিনি গতকাল প্রথম কর্মদিবসে মন্ত্রণালয়ের সভাকক্ষে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় মন্ত্রণালয়ের কর্মকর্তারা নবনিযুক্ত সচিবকে ফুল দিয়ে অভিনন্দন জানান।
বিসিএস (প্রশাসন) ক্যাডারের দশম ব্যাচের কর্মকর্তা মো. সায়েদুল ইসলাম এর আগে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) চেয়ারম্যান হিসেবে কর্মরত ছিলেন। গত ২৩ ফেব্রুয়ারি জনপ্রশাসন মন্ত্রণালয় তাকে সচিব হিসেবে পদোন্নতি দিয়ে এ মন্ত্রণালয়ে পদায়ন করে।
তিনি ১৯৯১ সালে বিসিএস (প্রশাসন) ক্যাডারে যোগদান করে সহকারী কমিশনার হিসেবে কুমিল্লা কালেক্টরে যোগদান করেন। তিনি মাঠপর্যায়ে বিভিন্ন পদে কুমিল্লা, চট্টগ্রাম, গোপালগঞ্জ ও গাজীপুর জেলায় দায়িত্ব পালন করেন। তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপসচিব, নৌ-পরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও কাউন্সিলর (লেবার) হিসেবে বাংলাদেশ হাইকমিশন মালয়েশিয়ায় পাঁচ বছর কর্মরত ছিলেন। তিনি বিভিন্ন দেশে স্বল্প ও দীর্ঘমেয়াদি প্রশিক্ষণ গ্রহণ করেন।
মো. সায়েদুল ইসলাম ১৯৬৪ সালে কুষ্টিয়া সদর উপজেলার বেলঘরিয়া গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার স্ত্রী সাবিহা পারভীন বাংলাদেশ সরকারের একজন অতিরিক্ত সচিব। তিনি এক কন্যার জনক।
দুই দিবসের প্রতিপাদ্য
৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস এবং ১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করেছে মহিলা ও শিশু-বিষয়ক মন্ত্রণালয়।
মহিলা ও শিশু-বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দপ্তর থেকে রোববার পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস ২০২১-এর প্রতিপাদ্য হলো ‘করোনাকালে নারী নেতৃত্ব/ গড়বে নতুন সমতার বিশ্ব’।
এছাড়া ১৭ মার্চ ২০২১ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২১-এর প্রতিপাদ্য ‘বঙ্গবন্ধুর জন্মদিন/ শিশুর হূদয় হোক রঙিন।