বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরে বিনিয়োগকারীদের সব ধরনের ব্যাংকিং সেবা প্রদানের জন্য নতুন শাখা স্থাপন করবে ব্র্যাক ব্যাংক। এ লক্ষ্যে সম্প্রতি রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) সঙ্গে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছে ব্যাংকটি।
এছাড়া ব্র্যাকের সহযোগী প্রতিষ্ঠান বিকাশের সঙ্গে ওয়ান স্টপ সেন্টারের লেনদেন ত্বরান্বিতকরণে বিকাশ ও বেজার মধ্যে আরো একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস প্রধান অতিথি ছিলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব শেখ ইউসুফ হারুন, ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মাকসুদুর রহমান পাটোয়ারি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেজার নির্বাহী চেয়ারম্যান পবন চৌধুরী।
এদিকে এদিন একই অনুষ্ঠানে বেজা এবং সিসিইসিসি ও জিহং মেডিকেল বাংলাদেশ কোম্পানি লিমিটেডের মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরে মোট ১৮ একর জমির ইজারাসংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
চীনের প্রতিষ্ঠান সিসিইসিসি বঙ্গবন্ধু শিল্পনগরে রফতানিমুখী স্টিল স্ট্রাকচার ও রেডিমিক্স কংক্রিট শিল্প নির্মাণ করবে। ১০ একর জমিতে প্রতিষ্ঠানটি ১৫ দশমিক ৯৭ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করবে। অন্যদিকে জিহং মেডিকেলকে আট একর জমি বরাদ্দ দেয়া হয়। প্রতিষ্ঠানটির প্রস্তাবিত বিনিয়োগের পরিমাণ ১২ দশমিক ৭২ মিলিয়ন মার্কিন ডলার।
বেজার পক্ষে নির্বাহী সদস্য মো. আব্দুল মান্নান, ব্র্যাক ব্যাংকের ডিএমডি তারেক রিফাত-উল্লাহ খান, বিকাশের চিফ এক্সটার্নাল অ্যান্ড করপোরেট অ্যাফেয়ার্স অফিসার মেজর জেনারেল শেখ মো. মনিরুল ইসলাম (অব.), সিসিইসিসির
চেয়ারম্যান কে চ্যাংলিয়াং এবং জিহং মেডিকেলের প্লান্ট ডিরেক্টর ওয়াং জিং নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।