টাঙ্গাইলে মানহীন বোতলজাত পানি বিপণনের দায়ে এক প্রতিষ্ঠানের ২ মালিককে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে আজ রবিবার উপজেলা প্রশাসন ও বিএসটিআই এর যৌথ অভিযানে অপ্সরা ড্রিংকিং ওয়াটার কোম্পানির ‘নিউ জমজম’ পানি উৎপাদন ও বিপণন কার্যক্রমও বন্ধ করে দেয়া হয়েছে।
এ বিষয়ে বণিক বার্তায় ‘টাঙ্গাইলে অনুমোদন ছাড়াই চলছে মানহীন পানির ব্যবসা’ শিরোনামে একটি সংবাদ প্রকাশ হয়েছিল। গত ১৭ নভেম্বর প্রকাশিত ওই সংবাদের সত্যতা পেয়ে আজ রবিবার (১৩ ডিসেম্বর) দুপুরে টাঙ্গাইল সদর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. খায়রুল ইসলাম এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এসময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারখানাটির দুই মালিককে জনপ্রতি ২৫ হাজার টাকা করে মোট ৫০ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেয়া হয়।
অভিযান শেষে বণিক বার্তাকে টাঙ্গাইল সদর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. খায়রুল ইসলাম বলেন, দৈনিক বণিক বার্তায় প্রকাশিত সংবাদটি আমাদের নজরে আসে। পরে সংবাদের উল্লেখিত বিষয়গুলো আমরা আমাদের নিজস্ব মাধ্যম থেকে যাচাই করে সত্যতা মেলায় আজ অভিযান পরিচালনা করা হয়। অভিযানেও সংবাদের প্রকাশিত সকল তথ্যর সত্যতা পাওয়ায় বিএসটিআই ২০১৮ এর ৩১ ধারার আইন অনুযায়ী অপ্সরা ড্রিংকিং ওয়াটার কোম্পানির নিউ জমজম পানি উৎপাদন ও বিপনণ কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। এছাড়া কারখানাটির দুই মালিককে আইন অমান্য করে অবৈধভাবে পানি উৎপাদন করায় জনপ্রতি ২৫ হাজার করে মোট ৫০ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে এক মাসের বিনাশ্রম জেল প্রদান করা হয়।
এ সময় বাজারজাতের জন্য প্রস্তুতকৃত পানির জার বোতল ধ্বংস করাসহ বিক্রয়ের উদ্দেশ্যে পরিবহনকৃত ৩০টি পানির জার বোতল জব্দ করা হয়।
অভিযানের সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) এর টাঙ্গাইল ফিল্ড অফিসার সিকান্দার মাহমুদ।