বৈশ্বিক সোস্যাল মিডিয়া জায়ান্ট ফেসবুক নিয়ন্ত্রিত হোয়াটসঅ্যাপ গত শুক্রবার থেকে ভারতে লেনদেন সেবা চালু করেছে। হোয়াটসঅ্যাপের এক ব্লগ পোস্টে বলা হয়, দেশটির শীর্ষস্থানীয় পেমেন্ট প্রক্রিয়াকরণ নিয়ন্ত্রকদের অনুমতি সাপেক্ষে সেবাটি চালু হয়েছে। খবর রয়টার্স।
ফেসবুক ও হোয়াটসঅ্যাপের বৃহৎ বাজার ভারত। দেশটিতে ৪০ কোটির বেশি ফেসবুক ব্যবহারকারী রয়েছে। দুই বছর ধরে সীমিত আকারে হোয়াটসঅ্যাপ পেমেন্ট নিয়ে পরীক্ষা চালাচ্ছে। এতদিন নিয়ন্ত্রকদের অনুমোদনের অপেক্ষায় ছিল প্রতিষ্ঠানটি।
প্রতিবেদন অনুযায়ী, হোয়াটসঅ্যাপ ভারতের পাঁচটি ব্যাংকের সঙ্গে চুক্তি করেছে। এর মধ্যে স্টেট ব্যাংক অব ইন্ডিয়া ও জিও পেমেন্টস ব্যাংক রয়েছে। ভারতে গুগলপে, ফোনপে ও পেটিএমের মতো পেমেন্ট সেবাদাতাদের সঙ্গে প্রতিযোগিতা করতে হবে হোয়াটসঅ্যাপকে।
হোয়াটসঅ্যাপ লেনদেন সেবা বিষয়ে ন্যাশনাল পেমেন্টস করপোরেশন অব ইন্ডিয়া (এনপিসিআই) বলেছে, শুরুতে দুই কোটি মানুষ হোয়াটসঅ্যাপ পেমেন্ট সেবা পাবেন। ভারতের সব পেমেন্ট সেবাদাতা এনপিসিআইয়ের ইউপিআই ফ্রেমওয়ার্ক ব্যবহার করে অর্থ স্থানান্তর, বিল পরিশোধ বা ফোন রিচার্জের মতো কাজ করতে পারেন।