সিলেট মহানগর পুলিশ কমিশনার (এসএমপি) গোলাম কিবরিয়াসহ ১৯ পুলিশ কর্মকর্তাকে বদলি করা হয়েছে।
আজ বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ পুলিশ- ১ শাখা উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বদলির এ আদেশ দেয়া হয়।
এসএমপি কমিশনার গোলাম কিবরিয়াকে উপ-পুলিশ মহাপরিদর্শক হিসেবে স্পেশাল প্রটেকশন ব্যাটালিয়নে (এসপিবিএন) বদলি করা হয়েছে। নতুন এসএমপি কমিশনার হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে এসপিবিএনের উপ-পুলিশ মহাপরিদর্শক মো. নিশারুল আরিফকে।
সিআইডির পুলিশ সুপার ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোছাইনকে পুলিশ সুপার সারদা পুলিশ একাডেমীতে, র্যাবের পরিচারক মো. কাইয়ুমুজ্জামান খানকে অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক হিসেবে নৌ পুলিশে, সিআইডির উপ-পুলিশ মহাপরিদর্শক শেখ মোহাম্মদ রেজাউল হায়দারকে র্যাবের পরিচালক হিসেবে বদলি করা হয়েছে।
এর বাইরে উপ-পুলিশ মহাপরিদর্শক কাজী জিয়া উদ্দিনকে পুলিশ টেলিকম থেকে পুলিশ সদরদপ্তরে, সহকারী পুলিশ মহাপরিদর্শক এমএ জলিলকে পুলিশ অধিদপ্তর থেকে শিল্পাঞ্চল পুলিশে, সহকারী পুলিশ মহাপরিদর্শক তানভীর মমতাজকে পুলিশ অধিদপ্তর থেকে উপ-পুলিশ কমিশনার হিসেবে গাজীপুর মহানগরী পুলিশে, পুলিশ সুপার মোহাম্মদ সুলাইমানকে অ্যান্টি টেরোরিজম ইউনিট থেকে শিল্পাঞ্চল পুলিশে, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ কামরুজ্জামানকে পুলিশ অধিদপ্তর থেকে নৌ-পুলিশে, উপ পুলিশ কমিশনার বেগম সুনন্দা রায়কে ডিএমপি থেকে পুলিশ অধিদপ্তরে, পুলিশ সুপার নাজমুল ইসলামকে শিল্পাঞ্চল পুলিশ থেকে পুলিশ অধিদপ্তরে, গাজীপুর মহানগরী পুলিশের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ শরিফুর রহমানকে নৌ পুলিশে বদলি করা হয়েছে।
একই আদেশে সহকারী পুলিশ মহাপরিদর্শক নেছার উদ্দীন আহমেদকে পুলিশ অধিদপ্তর থেকে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি কার্যালয়ে, অতিরিক্ত পুলিশ সুপার বেগম ফাহিমা হোসেনকে এসপিবিএন থেকে ময়মনসিংহ ইনসার্ভিস ট্রেনিং সেন্টারে, উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ কামরুল ইসলামকে সিএমপি থেকে মাদারীপুর ইনসার্ভিস ট্রেনিং সেন্টারে, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূইয়াকে ডিএমপি থেকে নৌ পুলিশে, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার বেগম সালমা সৈয়দ পলিকে ডিএমপি থেকে টাঙ্গাইলের পুলিশ ট্রিনিং সেন্টারে এবং অতিরিক্ত পুলিশ সুপার আবু আশ্রাফকে পিবিআই থেকে অ্যান্টি টেরোরিজম ইউনিটে বদলি করা হয়েছে।