নেত্রকোনার বারহাট্টায় মেয়েকে উত্যক্তের প্রতিবাদ করায় জাহাঙ্গীর নামে স্থানীয় এক তরুণ মাকে ছুরিকাঘাত করে আহত করেছেন বলে অভিযোগ উঠেছে। গতকাল শুক্রবার বিকেলে উপজেলার সাহ্তা ইউনিয়নের সাবানিয়াকান্দা প্রাথমিক বিদ্যালয়ের কাছে এ ঘটনা ঘটে।
স্থানীয় ও থানা পুলিশ সূত্রে জানা যায়, সাবানিয়াকান্দা গ্রামের রফিকুল ইসলাম ও রওশনা আক্তারের মেয়ে সাহতা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থীকে (১৩) প্রতিবেশী আব্দুল মতিনের ছেলে জাহাঙ্গীর তার বন্ধুদের সঙ্গে নিয়ে বেশ কিছুদিন ধরে উত্যক্ত করে আসছিল। এক পর্যায়ে ওই শিক্ষার্থী তার বাবা-মাকে বিষয়টি জানালে তার মা এ ব্যাপারে জাহাঙ্গীরকে সতর্ক করেন।
পরিবারের অভিযোগ, এতেই ক্ষিপ্ত হয়ে বখাটে জাহাঙ্গীর শুক্রবার বিকালে সাবানিয়াকান্দা প্রাথমিক বিদ্যালয়ের কাছে মেয়েটির মা রওশনাকে পেয়ে ছুরিকাঘাত করে গুরুতর আহত করে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে দ্রুত বারহাট্টা হাসপাতালে নিয়ে ভর্তি করে।
ঘটনায় শিক্ষার্থীর মা আহত রওশনা আক্তার বাদী হয়ে জাহাঙ্গীরসহ তিনজনকে আসামি করে রাতেই বারহাট্টা থানায় একটি মামলা দায়ের করেন।
এ ব্যাপারে বারহাট্টা থানার অফিসার ইনচার্জ মো. মিজানুর রহমান বলেন, পুলিশ এ ঘটনার প্রধান অভিযুক্ত জাহাঙ্গীরকে শনিবার তার বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে। বাকী আসামিদেরও গ্রেফতারের চেষ্ট অব্যাহত রয়েছে।