লেবাননের রাজধানী বৈরুত বন্দরে ভয়াবহ বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ (বানৌজা) বিজয় মেরামতে প্রয়োজনীয় সব সহায়তা করছে তুরস্ক। তুর্কি নৌবাহিনীর টাগবোটের সাহায্য নিয়ে প্রায় ৪৫০ মাইল সমুদ্রপথ অতিক্রম করে নৌবাহিনী জাহাজ বিজয় গত ৩০ আগস্ট তুরস্কের আকসাজ নেভাল ডকইয়ার্ডে পৌঁছায়। গতকাল আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আইএসপিআর জানায়, বানৌজা বিজয়ের হাল ও পানির তলদেশের ক্ষয়ক্ষতির বিস্তারিত পরিমাণ নিরূপণ ও মেরামত করতে বিশেষ এ সহযোগিতার হাত বাড়িয়েছে তুরস্ক। জাতিসংঘের নির্দেশনা মোতাবেক এবং নৌ সদরের সার্বিক তত্ত্বাবধানে তুরস্কের নৌ ঘাঁটিতে বানৌজা বিজয়ের প্রয়োজনীয় মেরামতের কাজ পরিচালিত হবে। এর আগে, বৈরুত বন্দরে তুরস্ক নৌবাহিনীর ডুবুরি দল লেজার প্রযুক্তি ব্যবহার করে নৌবাহিনী জাহাজ বিজয়ের পানির তলদেশের ক্ষতিগ্রস্ত অংশ নিরূপণ ও চিহ্নিত করে। মেরামত শেষে জাহাজটি ৭ সেপ্টেম্বর লেবাননের বৈরুতের উদ্দেশে রওনা করবে বলে আশা করা যায়।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে মেরিটাইম টাস্কফোর্সের অধীনে নিয়োজিত থাকা অবস্থায় বানৌজা বিজয় গত ৪ আগস্ট লেবাননের বৈরুতে বন্দরে এক ভয়াবহ বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত হয়। ভূমধ্যসাগরে মাল্টিন্যাশনাল মেরিটাইম টাস্কফোর্সের সদস্য হিসেবে বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধজাহাজ ২০১০ সাল থেকে লেবাননে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণ করে আসছে। নৌবাহিনী জাহাজ লেবাননের ভূখণ্ডে অবৈধ অস্ত্র এবং গোলাবারুদ অনুপ্রবেশ প্রতিহত করতে দক্ষতার সঙ্গে কাজ করে চলেছে। পাশাপাশি নৌবাহিনী জাহাজ লেবানিজ জলসীমায় মেরিটাইম ইন্টারডিকশন অপারেশন, সন্দেহজনক জাহাজ ও এয়ারক্রাফটের ওপর গোয়েন্দা নজরদারি, দুর্ঘটনাকবলিত জাহাজে উদ্ধার তত্পরতা এবং লেবানিজ নৌ সদস্যদের প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদানের কাজ করে যাচ্ছে।