জ্যাকব ব্লেক নামে এক কৃষ্ণাঙ্গ ব্যক্তিকে পুলিশের গুলি করার ঘটনায় অব্যাহত রয়েছে বিক্ষোভ। দ্বিতীয় দিনের মতো বিক্ষোভের পাশাপাশি বিক্ষোভকারীরা পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায়। এ সময় তারা বেশকিছু ভবন ও গাড়িতে অগ্নিসংযোগও করে। স্থানীয় সময় রোববার কেনোশা শহরে ২৯ বছর বয়সী জ্যাকব ব্লেককে গুলি করে পুলিশ। তাকে গুলি করা হয় বেশ কয়েকটি। তবে বর্তমানে তার অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। খবর বিবিসি।
এদিকে বিক্ষোভ নিয়ন্ত্রণে স্থানীয় পুলিশকে সহায়তার জন্য ন্যাশনাল গার্ডকে ডেকেছেন গভর্নর টনি এভারস। এছাড়া কেনোশায় কারফিউ জারি করা হলেও বিক্ষোভকারীরা তা মানছেন না। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ভিডিও ফুটেজে দেখা যায়, ব্লেক একটি গাড়ির দিকে এগিয়ে সেটির দরজা খুললে পুলিশ তার জামা টেনে ধরে এবং তখন সাতবার গুলি চালানোর শব্দ শোনা যায়। মূলত এ ফুটেজ ছড়িয়ে পড়ার পর পরই বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে উইসকনসিন। ব্লেকের ওপর এ হামলার আগে মে মাসে মার্কিন পুলিশের হাতে মিনেসোটায় খুন হন আরেক কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েড। ওই ঘটনায় বর্ণবাদ ও পুলিশি নির্যাতনের বিরুদ্ধে বিক্ষোভ ছড়িয়ে পড়ে পুরো আমেরিকায়।