সম্পদের হিসাব দাখিল না করার মামলায় ফেনী জেলার সাবেক পুলিশ পরিদর্শক মো. হামিদুল হকের ২ বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা অর্থদণ্ডের রায় দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার ঢাকার ৯ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক শেখ হাফিজুর রহমান এ রায় ঘোষণা করেন।
রায়ে দণ্ডিতের ৫০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ১ মাসের কারাদণ্ড দিতে হবে বলে রায়ে উল্লেখ করেছেন বিচারক। দণ্ডিত রায় ঘোষণার সময় পলাতক ছিলেন। তাই আদালত তার বিরুদ্ধে সাজা পরোয়ানা ইস্যু করেছেন।
দণ্ডিত মো. হামিদুল হক গাইবান্ধা জেলার সদর থানাধীন মুন্সিপাড়াস্থ মো. মোজাম্মেল হকের ছেলে। সম্পদের হিসাব দাখিল না করার অভিযোগে ২০০১ সালের ২৬ এপ্রিল তৎকালীন দুর্নীতি দমন ব্যুরোর পরিদর্শক আবু বকর সিদ্দিক আসামির বিরুদ্ধে তেজগাঁও থানায় এ মামলা করেন।
মামলায় বলা হয়, ব্যুরো অনুসন্ধানকালে আসামি হামিদুল হক তার স্ত্রী রেহেনা বেগমের নামে ৪৯/৫/১, পশ্চিম রাজাবাজার ঢাকায় একটি অত্যাধুনিক বাড়িসহ সনামে বেনামে বিপুল পরিমাণ সম্পদের মালিক হয়েছে মর্মে জানতে পারেন। এরপর ব্যুরো এ সংক্রান্তে ২০০০ সালের ৭ জুন অনুসন্ধান প্রতিবেদন দাখিল করে। ওই প্রতিবেদনের আলোকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অনুমতিক্রমে ২০০০ সালের ৩১ আগস্ট আসামিকে সম্পদের হিসাব দাখিলের জন্য নোটিশ প্রদান করে ব্যুরো। ওই নোটিশ আসামি ২০০১ সালের ২৫ ফেব্রুয়ারি গ্রহণ করেও নির্দেশ মোতাবেক ৪৫ দিনের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করে ১৯৫৭ সালের দুর্নীতি দমন আইনের ২৬ এর ৪ (২) ধারা মামলা করে ব্যুরো।
মামলাটি তদন্ত শেষে বর্তমান দুদকের সহকারী পরিচালক রাকিবুল হায়াত ২০১৮ সালের ৫ আগস্ট আদালতে চার্জশিট দাখিল করেন। মামলাটিতে ২০১৯ সালের ২৬ মে রায় প্রদানকারী আদালত আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। মামলার বিচারকালে আদালত দুজন সাক্ষীর মধ্যে দুজনের সাক্ষ্যগ্রহণ করেন।