মেহেরপুরের গাংনী উপজেলার চরগোয়ালগ্রামের গোরস্থান প্রাঙ্গণ থেকে পালান বিশ্বাস (৭০) নামের এক বৃদ্ধের মৃতদেহ উদ্ধার করেছে গাংনী থানা পুলিশ। আজ রোববার সকালে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে।
পালান বিশ্বাস উপজেলার চর গোয়ালগ্রাম মালিথা পাড়ার মৃত আকুল বিশ্বাসের ছেলে। তিনি অতি দরিদ্র্য ছিলেন। গ্রামের মানুষের কাছ থেকে আর্থিক সহায়তায় জীবনযাপন করতেন। এটি হত্যা নাকি আত্মহত্যা তা নিশ্চিত করে কেউ বলতে পারছে না।
স্থানীয়রা জানান, সকালে গোরস্থান মাঠে এক বৃদ্ধের মরদেহ ঝুলছে এমন সংবাদ পেয়েছে লোকজন ছুটে গিয়েছে সেখানে দেখে, বসা অবস্থায় একটি গাছের সঙ্গে এক বৃদ্ধের গলায় ফাঁস দেয়া মরদেহ ঝুলছে। এটি হত্যা না আত্মহত্যা সেটি স্থানীয়রা বুঝতে পারছে না। ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়েছেন তারা বিষয়টি খতিয়ে দেখছেন।
গাংনী থানার ওসি ওবাইদুর রহমান জানান, বিষয়টি শুনেছি, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মেহেরপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।