নরসিংদীর বেলাবতে ডাকাতির প্রস্তুতিকালে স্থানীয় বাসিন্দাদের গণপিটুনিতে সাইয়েদুল ইসলাম সাইক্কা (৩০) নামে এক ডাকাত নিহত হয়েছেন। এ ঘটনায় মো. হেলিম নামে আরেক ডাকাত গুরুতর আহত হয়েছেন। এছাড়া আরো তিন ডাকাতকে আটক করে পুলিশের কাছে সোর্পদ করেছে স্থানীয়রা। গত রোববার গভীর রাতে উপজেলার বিন্নাবাইদ ইউনিয়নের চরকাশিমনগর গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, ডাকাতরা পার্শ্ববর্তী কুলিয়ারচর থানার লক্ষ্মীপুর গ্রামে ডাকাতি করে সিএনজিযোগে বেলাব থানার বিন্নাবাইদ ইউনিয়নের চর কাশিমনগর ৭ নং রোডের কাছে এসে পুনরায় ডাকাতির প্রস্তুতি নেয়ার সময় এলাকার কিছু লোক টের পেয়ে কাশিমনগর গ্রামের বিভিন্ন মসজিদে গ্রামে ডাকাত ঢোকার খবর প্রচার করে। মুহূর্তেই এলাকাবাসী তাদের ঘেরাও করে ফেলে। এ সময় এলাকাবাসী ডাকাতদের গণপিটুনি দেয়। ধারালো অস্ত্রের আঘাতে সাইয়েদুল ইসলাম সাইক্কার মৃত্যু হয় এবং হেলিম নামে আরেক ডাকাত গুরুতর আহত হন।
নিহত ডাকাত পার্শ্ববর্তী কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর উপজেলার সালুয়া গ্রামের নুরু মিয়া ছেলে। আটককৃতরা হলেন—
মো. হেলিম, মো. বাবু, মো. রাব্বি ও হযরত আলী।
বেলাব থানার ওসি মো. সাফায়েত হোসেন পলাশ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে এক ডাকাতের মরদেহ উদ্ধার করি।