গত ২৪ ঘণ্টায় কভিড পজিটিভ শনাক্ত হয়েছে ২ হাজার ২৭৫ জন। এখন পর্যন্ত জুলাইয়ে এটাই সর্বনিম্ন রোগী শনাক্তের রেকর্ড। অথচ আগের দিনের তুলনায় নমুনা সংগ্রহ ও পরীক্ষা এদিন বেশিই হয়েছে। এদিন সংগ্রহ করা ১০ হাজার ৪৪১টি নমুনার বিপরীতে পরীক্ষা হয়েছে ১০ হাজার ৭৮টি। আগের দিন সংগৃহীত নমুনার সংখ্যা ছিল ৯ হাজার ৬১৫।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, গতকাল পর্যন্ত দেশে মোট কভিড-১৯ শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ২৩ হাজার ৪৫৩। এদের মধ্যে সুস্থ হয়েছে ১ লাখ ২৩ হাজার ৮৮২ জন। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ১ হাজার ৭৯২ জন। এদিকে গত ২৪ ঘণ্টায় মৃতের সংখ্যা বেড়েছে। নভেল করোনাভাইরাস প্রাণ কেড়ে নিয়েছে আরো ৫৪ জনের। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়াল ২ হাজার ৯২৮-এ।
গতকাল কভিড-১৯ সম্পর্কিত নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা। তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ১০ হাজার ৭৮টি। এখন পর্যন্ত ১১ লাখ ১১ হাজার ৫৫৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে। নমুনা পরীক্ষার বিবেচনায় গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২২ দশমিক ৫৭ শতাংশ। ২৪ ঘণ্টায় শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৫৪ দশমিক ৪৪ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৩১ শতাংশ।
নাসিমা সুলতানা জানান, মৃত্যুবরণকারীদের মধ্যে পুরুষ ৪০ ও নারী ১৪ জন। আর এখন পর্যন্ত মৃত্যুবরণকারীদের মধ্যে পুরুষ ২ হাজার ৩০৬ জন ও নারী ৬২২ জন। ২৪ ঘণ্টায় মৃত্যুবরণকারীদের বয়স বিশ্লেষণে দেখা যায়, ৮১ থেকে ৯০ বছর বয়সী তিনজন, ৭১ থেকে ৮০ বছর বয়সী সাতজন, ৬১ থেকে ৭০ বছর বয়সী ১৭ জন, ৫১ থেকে ৬০ বছর বয়সী ১৫ জন, ৪১ থেকে ৫০ বছর বয়সী আটজন, ৩১ থেকে ৪০ বছর বয়সী তিনজন ও ২১ থেকে ৩০ বছর বয়সী রয়েছে একজন।
২৪ ঘণ্টায় মৃত্যুবরণকারীদের মধ্যে ঢাকা বিভাগের ১৯ জন, চট্টগ্রাম বিভাগে ১০, রংপুর বিভাগে তিন, বরিশাল বিভাগে এক, রাজশাহী বিভাগে সাত, সিলেট বিভাগে ছয় ও খুলনা বিভাগের আটজন। এদের মধ্যে হাসপাতালে মারা গেছে ৪৮ জন ও বাসায় মৃত্যু হয়েছে ছয়জনের।
স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক জানান, প্রাতিষ্ঠানিক ও হোম কোয়ারেন্টিন মিলে ২৪ ঘণ্টায় কোয়ারেন্টিন করা হয়েছে ২ হাজার ৮৫ জনকে। এখন পর্যন্ত কোয়ারেন্টিন করা হয়েছে ৪ লাখ ২৫ হাজার ৫৪৬ জনকে। কোয়ারেন্টিন থেকে গত ২৪ ঘণ্টায় ছাড়া পেয়েছে ২ হাজার ৭৩৬ জন, এখন পর্যন্ত ছাড়া পেয়েছে ৩ লাখ ৬৬ হাজার ৭৪৬ জন। বর্তমানে মোট কোয়ারেন্টিনে আছে ৫৮ হাজার ৭৯৯ জন।