স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক আবুল কালাম আজাদের পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। ফলে তার নিয়োগের চুক্তি বাতিল হয়ে গেল, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক পদটি আনুষ্ঠানিকভাবে শূন্য হয়ে গেল।
জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ বিষয়ে আজ বৃহস্পতিবার প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, আবুল কালাম আজাদের আবেদনের পরিপ্রেক্ষিতে তার চুক্তিভিত্তিক নিয়োগ ২১ জুলাই থেকে বাতিল করা হলো। এর মানে হলো তিনি আর ডিজি পদে নেই।
নতুন ডিজি নিয়োগের বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক গতকাল বুধবার সচিবালয়ে সাংবাদিকদের বলেন, সর্বোচ্চ পর্যায়সহ সবাই মিলে আলোচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে। দরকার হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেও আলোচনা করা হবে।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের সূত্রমতে, নতুন মহাপরিচালক নিয়োগ নিয়ে এরই মধ্যে আলোচনা শুরু হয়েছে। মূলত এই পদে চিকিৎসকদেরই নিয়োগ দেয়া হয়।
গত মঙ্গলবার (২১ জুলাই) পদত্যাগপত্র জমা দেন চুক্তিতে থাকা আবুল কালাম আজাদ।
স্বাস্থ্য অধিদপ্তরের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি, অব্যবস্থাপনার অভিযোগ অনেক আগে থেকে থাকলেও সম্প্রতি জেকেজি ও রিজেন্টের কেলেঙ্কারিতে বিষয়টি বড় আকারে দৃশ্যমান হয়। এরপরই স্বাস্থ্য বিভাগের উর্ধ্বতন কর্মকর্তাদের প্রতি অভিযোগ আঙ্গুল তুলতে থাকে সাধারণ মানুষ।