করোনাভাইরাসে আক্রান্তদের চিকিৎসা সেবায় সরাসরি নিয়োজিত চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের এককালীন বিশেষ সম্মানী দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এই সম্মানীর পরিমাণ হবে দুই মাসের মূল বেতনের সমপরিমাণ।
এ বিষয়ে বেশ কিছু নির্দেশনা দিয়ে আজ বৃহস্পতিবার একটি পরিপত্র জারি করেছে অর্থ মন্ত্রণালয়।
অর্থ মন্ত্রণালয়ের যুগ্মসচিব ড. মোহম্মদ আবু ইউছুফ স্বাক্ষরিত পরিপত্রটির নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে বলে উল্লেখ করা হয়েছে।
পরিপত্রের নির্দেশনায় বলা হয়েছে, এ সম্মানীর আওতায় শুধু করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের সেবা প্রদানে সরাসরি কর্মরত ডাক্তার, নার্স ও সেবাকর্মীরা এককালীন দুই মাসের মূল বেতনের সমপরিমাণ অর্থ পাওয়ার যোগ্য বিবেচিত হবেন।
সম্মানী প্রাপ্তির ক্ষেত্রে কিছু পদ্ধতি অনুসরণ করতে হবে বলে নির্দেশনায় বলা হয়েছে। নির্দেশনায় বলা হয়েছে,
স্বাস্থ্য অধিদপ্তর বা নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের দেয়া সংযুক্তি ফরমে প্রাপ্ত আবেদনপত্র যাচাই বাছাই করে সম্মানীর জন্য উপযুক্ত ডাক্তার, নার্স ও স্বাস্থ্যকর্মীদের নামের তালিকা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগে পাঠাবে। স্বাস্থ্য সেবা বিভাগ তালিকা যাচাই বাছাই করে অর্থ বিভাগের সম্মতিক্রমে সম্মানী প্রদানের সরকারি আদেশ জারি করবে।
নির্দেশনায় বলা হয়েছে, সম্মানী বাবদ চলতি অর্থবছরের বাজেটে এখাতে প্রয়োজনীয় বরাদ্দ রাখা হয়েছে। এ সম্মানী বর্তমান প্রচলিত অন্য যেকোনো প্রজ্ঞাপন বা আদেশে বর্ণিত সম্মানীর ক্ষেত্রে প্রযোজ্য আর্থিক সহায়তা বা অনুদানের অতিরিক্ত হিসেবে প্রদেয় হবে।