করোনা মহামারীর মধ্যে ২০২০-২১ অর্থবছরের জন্য অর্থমন্ত্রীর প্রস্তাব করা ৫ লাখ ৬৮ হাজার কোটি টাকার বাজেটে বেশ কিছু পণ্যে মূসক হার বাড়ানো হয়েছে। এছাড়াও কিছু সেবামূল্যের ওপর সম্পূরক সূল্কও বাড়ানোর প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
আজ বৃহস্পতিবার (১১ জুন) বিকেল সোয়া ৩টার দিকে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে অনুষ্ঠিত সংসদ অধিবেশনে ২০২০-২১ অর্থবছরের জন্য এ বাজেট উপস্থাপন শুরু করেন অর্থমন্ত্রী।
যেসব পণ্যের দাম বাড়বে তার মধ্যে রয়েছে- আমদানি করা পেঁয়াজ, প্রসাধনী সামগ্রী, মোবাইল ফোন সেবা খরচ, ইন্টারনেট সেবা, বিড়ি ও সিগারেট, আলোকসজ্জা সামগ্রী, গাড়ি রেজিস্ট্রেশন খরচ, গাড়ি, শ্যাম্পু প্রভৃতি।
বিপণন পর্যায়ের আসবাবপত্রের ওপর আরোপিত মূসক ৫ শতাংশ বাড়িয়ে সাড়ে ৭ শতাংশ করার প্রস্তাব দিয়েছেন অর্থমন্ত্রী। আরোপিত মূসক হার বাড়ানো হয়েছে শীতাতপ নিয়ন্ত্রিত লঞ্চ থেকে সেবা গ্রহণের ক্ষেত্রেও।
একই সঙ্গে কার ও জিপের রেজিস্ট্রেশনে প্রদত্ত সেবামূল্যের ওপর সম্পূরক শুল্ক ১০ থেকে বাড়িয়ে ১৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে। চার্টার্ড বিমান ও হেলিকপ্টার ভাড়া, মোবাইল ফোনের সিম বা রিম কার্ড ব্যবহারের মাধ্যমে প্রদত্ত সেবা, প্রসাধনী সামগ্রী, সিরামিকের সিঙ্ক বা বেসিন ইত্যাদি পণ্য ও সেবার ক্ষেত্রে মূল্যের ওপর সম্পূরক শুল্ক বাড়ানো হয়েছে। সেক্ষেত্রে এসব পণ্যের দাম বাড়তে পারে।
এছাড়া তামাকজাত পণ্যের ব্যবহার নিয়ন্ত্রণ ও রাজস্ব বৃদ্ধির লক্ষ্যে বিড়ি, সিগারেট ও জর্দার দাম বাড়ানোর প্রস্তাবনা দিয়েনে অর্থমন্ত্রী।