ফ্লোর প্রাইস স্পর্শ করেছে বেশির ভাগ ব্যাংকের শেয়ার

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে গতকাল দেশের দুই স্টক এক্সচেঞ্জে সূচকের পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন দুই-তৃতীয়াংশেরও বেশি কোম্পানির শেয়ার ফ্লোর প্রাইস স্পর্শ করেছে। আর এর ফলে ক্রেতার অভাবে হল্টেড হয়েছে অনেক কোম্পানির শেয়ার।

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে গতকাল দেশের দুই স্টক এক্সচেঞ্জে সূচকের পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন দুই-তৃতীয়াংশেরও বেশি কোম্পানির শেয়ার ফ্লোর প্রাইস স্পর্শ করেছে। আর এর ফলে ক্রেতার অভাবে হল্টেড হয়েছে অনেক কোম্পানির শেয়ার। গতকাল তালিকাভুক্ত ৩০টি ব্যাংকের মধ্যে ২৮টির শেয়ারদর ফ্লোর প্রাইস স্পর্শ করায় এগুলোর শেয়ারদর অপরিবর্তিত ছিল। সেপ্টেম্বরের আগেই সাধারণ বিনিয়োগকারীদের ব্যাংকের লভ্যাংশ প্রদানে কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনার প্রভাব দেখা যায়নি ব্যাংকের শেয়ারে।

বাজার বিশ্লেষকরা বলছেন, নভেল করোনাভাইরাসের (কভিড-১৯) কারণে অনেক বিনিয়োগকারীই ফ্লোর প্রাইসের চেয়ে বেশি দরে শেয়ার কিনতে আগ্রহী নন। তাছাড়া আগামী অর্থবছরের বাজেটে কী আসতে যাচ্ছে, সেটি জানার আগে এখনই বিনিয়োগ করতে আগ্রহী নন তারা। এর ফলে গতকাল দেশের দুই পুঁজিবাজারেই সূচকের পতন হয়েছে। পাশাপাশি লেনদেনও হয়েছে কম।

বাজার পর্যালোচনায় দেখা যায়, গতকাল লেনদেন শুরুর পর থেকেই নিম্নমুখী ছিল সূচক। লেনদেনে দ্বিতীয় ঘণ্টায় কিছুটা ঊর্ধ্বমুখিতা দেখা গেলেও দিন শেষে সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। গতকাল সূচকের সবচেয়ে বেশি ভূমিকা ছিল বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের। এদিন কোম্পানিটির শেয়ারদর ২ দশমিক ৬ শতাংশ কমেছে।

গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৫ পয়েন্ট কমে ৩ হাজার ৯৫৬ পয়েন্টে দাঁড়িয়েছে, যা এর আগের দিন ছিল ৩ হাজার ৯৬২ পয়েন্টে। ডিএসইর শরিয়াহ সূচক ডিএসইএস গতকাল ১ পয়েন্ট কমে দিন শেষে ৯১৭ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের দিন যা ছিল ৯১৯ পয়েন্টে। ব্লু-চিপ সূচক ডিএস-৩০ দিনের ব্যবধানে ৩ পয়েন্ট কমে গতকাল ১ হাজার ৩২৫ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের দিন শেষে যা ছিল ১ হাজার ৩২৮ পয়েন্টে।

গতকাল এক্সচেঞ্জটিতে মোট ১০৬ কোটি টাকার সিকিউরিটিজ হাতবদল হয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ৭০ কোটি টাকা। এদিন ডিএসইতে লেনদেন হওয়া ২৯৩টি কোম্পানি, মিউচুয়াল ফান্ড ও করপোরেট বন্ডের মধ্যে দিন শেষে দর বেড়েছে ১২টির, কমেছে ২৪টির আর অপরিবর্তিত ছিল ২৪৭টি সিকিউরিটিজের বাজারদর।

খাতভিত্তিক লেনদেনচিত্রে দেখা যায়, গতকাল ডিএসইর মোট লেনদেনের ২৯ শতাংশ দখলে নিয়ে শীর্ষে অবস্থান করছে ওষুধ খাত। দ্বিতীয় সর্বোচ্চ ২২ শতাংশ করে দখল করে নিয়েছে খাদ্য ও আনুষঙ্গিক খাত। ১৮ শতাংশ লেনদেনের ভিত্তিতে তৃতীয় অবস্থানে রয়েছে ব্যাংক খাত। আর টেলিযোগাযোগ খাতের দখলে ছিল মোট লেনদেনের ৯ শতাংশ।

গতকাল ডিএসইতে লেনদেনের ভিত্তিতে শীর্ষ সিকিউরিটিজ ছিল অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, এক্সিম ব্যাংক, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস, গ্রামীণফোন, স্কয়ার ফার্মাসিউটিক্যালস, আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক, সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস, রেকিট বেনকিজার, বেক্সিমকো লিমিটেড ও বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি লিমিটেড।

দর বাড়ার শীর্ষ কোম্পানির তালিকায় ছিল প্রাইম ফিন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড, রেকিট বেনকিজার, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স, আমরা টেকনোলজিস, দেশ গার্মেন্টস, পূবালী ব্যাংক, রিলায়েন্স ইন্স্যুরেন্স, এএমসিএল (প্রাণ), ন্যাশনাল টি ও অ্যাম্বি ফার্মাসিউটিক্যালস।

অন্যদিকে গতকাল এক্সচেঞ্জটিতে দরপতনের শীর্ষে থাকা কোম্পানিগুলো হচ্ছে এসিআই ফরমুলেশন্স, এক্সিম ব্যাংক, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস, শাইনপুকুর সিরামিকস, একমি ল্যাবরেটরিজ, সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস, বেক্সিমকো লিমিটেড, বেক্সিমকো সিনথেটিকস, এসিআই লিমিটেড ও বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। দেশের আরেক পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) গতকাল সিএসসিএক্স সূচক দিনের ব্যবধানে প্রায় ৭ পয়েন্ট কমে ৬ হাজার ৮১৬ পয়েন্টে অবস্থান করছে। আগের কার্যদিবসে সূচকটির অবস্থান ছিল ৬ হাজার ৮২৩ পয়েন্টে। এদিন এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ৯১টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১০টির, কমেছে ১৬টির আর অপরিবর্তিত ছিল ৬৫টির বাজারদর। গতকাল সিএসইতে মোট ১ কোটি ৫১ লাখ টাকার সিকিউরিটিজ হাতবদল হয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ৯ কোটি ৮০ লাখ টাকা।

আরও